ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সেন্টার ফর জেনোসাইড স্টাডিজের উদ্যোগে ‘ফিউচার অব হায়ার এডুকেশন’ শীর্ষক দুই দিনব্যাপী সম্মেলন শুরু হয়েছে। গতকাল শুক্রবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে সম্মেলন উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ। ফ্রেডরিক-এবার্ট-স্টিফটুং (এফইএস) বাংলাদেশের সহযোগিতায় সম্মেলনের আয়োজন করা হয়েছে।
অধ্যাপক সামাদ উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে উচ্চশিক্ষার গুণগত মান নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ‘বর্তমান প্রজন্ম বইয়ের পরিবর্তে ফেইসবুক ও অন্য সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতি আসক্ত হয়ে পড়েছে। এই আসক্তি তাদের চিন্তন প্রক্রিয়াকে ব্যাহত করছে।’ সমৃদ্ধ দেশ গড়তে সৃজনশীল জ্ঞান নিয়ে এগিয়ে আসার জন্য নতুন প্রজন্মের প্রতি আহ্বান জানান তিনি।
সেন্টার ফর জেনোসাইড স্টাডিজের পরিচালক অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে এফইএস বাংলাদেশের আবাসিক প্রতিনিধি টিনা ম্যারি গ্লোম ও বিবি প্রোডাকশনের প্রতিষ্ঠাতা বিবি রাসেল বক্তব্য দেন।
