প্রাক্তন প্রেমিক-প্রেমিকা হলেও তাদের মধ্যে এখনো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। বলছি বলিউড স্টার দীপিকা পাডুকোন আর রণবীর কাপুরের কথা। শুধু তাই নয়, নায়িকার স্বামী রণবীর সিং আর নায়কের বর্তমান প্রেমিকা আলিয়া ভাটের সঙ্গেও তাদের প্রত্যেকের বেশ মধুর সম্পর্ক। এই বন্ধুত্বটাকে আরও বেশি মজবুত করতে এবার বিশেষ পরিকল্পনা করেছেন এই চার বন্ধু।
মুম্বাই মিরর সূত্রের খবর, দীপিকা-রণবীর সিং ও রণবীর কাপুর-আলিয়া মিলে একসঙ্গে আমেরিকা ভ্রমণে যাওয়ার পরিকল্পনা করে ফেলেছেন। নিউইয়র্ক, নিউজার্সি, শিকাগোসহ আমেরিকার বিভিন্ন শহরে ঘুরে বেড়ানোর পরিকল্পনা করে ফেলেছেন এই চার বন্ধু। তবে এবছর নয়, এই বিশেষ ট্যুরের পরিকল্পনা করা হয়েছে আগামী বছর।
প্রসঙ্গত, করণ জোহরের শো 'কফি উইথ করণ-৬'-এ একসঙ্গে এসেছিলেন দীপিকা ও আলিয়া। সেখানেই করণ জোহর তাদের ৪জনকে নিয়ে একসঙ্গে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করছিলেন। যদিও 'দীপবীর' ও 'রালিয়া' জুটির এই আমেরিকা ট্যুরে পরিকল্পনার পেছনে করণ জোহরের হাত রয়েছে কিনা, তা অবশ্য জানা যায়নি।
এই দুই জুটির কারোরই দীপিকা-রণবীরের অতীত নিয়ে কোনো মাথাব্যথা নেই। তারা তাদের বর্তমান সম্পর্কে ভীষণ খুশি।
