বিয়ের অনুষ্ঠানে মাথা না ঢাকায় স্ত্রীর চুল কেটে দিল স্বামী

আপডেট : ৩০ মার্চ ২০১৯, ০২:০১ পিএম

বিয়ের অনুষ্ঠানে মাথা না ঢাকায় স্ত্রীর চুল কেটে দিয়েছেন পাষণ্ড এক স্বামী। তাতেই ক্ষান্ত হননি। স্ত্রীকে বেধড়ক পিঠিয়েছেনও। এমনই ঘটনার অভিযোগ পাওয়া গেছে পাকিস্তানের পেশওয়ারের মাথরা এলাকায়।

এ ঘটনায় আধাসামরিক বাহিনীর সদস্য স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন নির্যাতনের শিকার স্ত্রী। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মাথরা থানার কর্তব্যরত পুলিশ অফিসার।

অভিযোগ নামায় স্ত্রী লিখেছেন, চলতি মাসের শুরুর দিকে তার স্বামীর এক আত্মীয়ের বিয়েতে গিয়েছিলেন তিনি। অতিথিদের আমন্ত্রণ জানানোর সময় ওড়নাটা পিচলে পড়ে যায়। সেটা দেখে চটে যান স্বামী। বাসায় ফিরে স্ত্রীকে মারপিট করেন; কেটে দেন তার চুল।

“এ সময় রুমে আমার তিন বছরের বাচ্চা ছাড়া আর কেউ ছিল না। সে আমাকে মারতে থাকে।”

এই ঘটনা কাউকে বললে স্বামী মেরে ফেরার হুমকিও দিয়েছিলেন বলে জানান স্ত্রী। তাই থানায় অভিযোগ দায়ের করতে দেরি হয়েছে।

সম্প্রতি দেশটির লাহোরে এক স্বামী তার কর্মচারীদের নিয়ে স্ত্রীর নাক কেটে দেন এবং মাথা ন্যাড়া করে দেন। এই ঘটনার কয়েকদিনের মধ্যেই স্ত্রীর চুল কেটে নেওয়ার ঘটনাটি আলোচনায় আসলো।

এক গবেষণায় দেখা গেছে, পাকিস্তানে নারীদের নিরাপত্তা নেই বললেই চলে। নারী, শান্তি ও নিরাপত্তার সূচকে ১৫৩টি দেশের মধ্যে তাদের অবস্থান ১৫০।

২০১৬ সালের এক জরিপে দেখা গেছে, পাকিস্তানের ২৬ দশমিক ৮ শতাংশ নারী তার স্বামী দ্বারা নির্যাতিত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত