আফ্রিকার দেশ মোজাম্বিকে সাইফুল ইসলাম নামের এক বাংলাদেশি প্রবাসীকে বিষ খাইয়ে তার স্ত্রী হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ আফ্রিকার নামপুলা প্রভিন্স রিবাউয়ে ডিস্ট্রিক্ট এলাকায়। গত ২৫ মার্চ সোমবার রাত ৮টার দিকে স্থানীয় একটি হাসপাতালে মারা যান সাইফুল। তার বাড়ি কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নের দিলজান পাডা গ্রামে। সাইফুল ওই গ্রামের ফরিদ আহমদের ছেলে।
নামপুলা সেন্ট্রাল হাসপাতালে সাইফুলের লাশের ময়নাতদন্ত শেষে তার ব্যবসাপ্রতিষ্ঠানের পাশে তাকে দাফন করা হয়েছে।
দেশটির বাঙালি কমিউনিটি নেতা এম এ ইসলাম মিয়া জানান, স্থানীয় এক কৃষ্ণাঙ্গ মেয়ে বিয়ে করেছিলেন সাইফুল। সাইফুলের সম্পদের লোভে পড়েন তার স্ত্রী। এ নিয়ে দুইজনের মধ্যে প্রায় সময় ঝগড়া-বিবাদ লেগে থাকত।
তিনি আরও জানান, সম্প্রতি ম্যালেরিয়া রোগে আক্রান্ত হন সাইফুল। এই সুযোগে ডাক্তারের নির্দেশনা অনুযায়ী ওষুধ সেবনের সময় তার স্ত্রী তাকে ইঁদুর মারার বিষ খাইয়ে দেন। এতে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে সাইফুল হাসপাতালেই মারা যান।
এদিকে নিহত সাইফুলের গ্রামের বাড়িতে গিয়ে দেখা গেছে, তার পরিবারের সদস্যরা নাওয়া-খাওয়া ভুলে গিয়ে সাইফুলের শোকে বার বার মূর্ছা যাচ্ছেন। ছেলেকে হারিয়ে পরিবারের সবাই নির্বাক।
স্থানীয় রাজাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছৈয়দ নুর জানান, তিনি সাইফুলের মৃত্যুর ঘটনাটি শুনেছেন।
