সাতক্ষীরার গাজীপুরে বিদ্যুৎস্পৃষ্টে লিটন হোসেন (২৪) নামের এক ইলেকট্রিক মিস্ত্রীর মৃত্যু হয়েছে। রোববার দুপুরে সদর উপজেলার গাজীপুর মহাদেবনগর এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান।
তিনি বলেন, লিটন হোসেন সদর উপজেলার ভাড়–খালী মাহমুদপুর এলাকার সাইদুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানান, ইলেকট্রিক মিস্ত্রী লিটন হোসেন সদর উপজেলার গাজীপুর মহাদেবনরের একটি মসজিদে ইলেকট্রিক কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত তার একটি হাত বিদ্যুতের তারে জড়িয়ে পড়লে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে আনলে সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এদিকে, তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
