উপজেলা নির্বাচন

ভোট কেন্দ্রে ভোটার কম, নির্ভয়ে ঘাস খাচ্ছে ছাগল

আপডেট : ৩১ মার্চ ২০১৯, ০৬:৩০ পিএম

আখাউড়ার তুলাই শিমুল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সকাল সাড়ে ১০টা পর্যন্ত ১ ও ২ নম্বর বুথে একটিও ভোট পড়েনি বলে জানান প্রিজাইডিং অফিসার কাজী ইকবাল।

তিনি বলেন, ওই বুথগুলো মহিলা ভোটারদের।

ভোটার উপস্থিতি কম বিষয়ে তিনি বলেন, ভোটার আনার দায়িত্ব আমার নয়। আমার দায়িত্ব হল কেন্দ্র সুষ্ঠু রাখা। আমি আমার কেন্দ্র সুষ্ঠু রেখেছি।

দুপুর পৌনে ১ টার দিকে ছতুরা চান্দপুর স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোটারদের লাইনে দেখা না মিললেও ভোট ভালোই হয়েছে বলে জানান প্রিজাইডিং অফিসার কাজী তারেক। ২০ ভাগ ভোট পড়েছে বলে জানান তিনি।

আখাউড়া উপজেলার বেশির ভাগ ভোট কেন্দ্রেই ভোটারদের উপস্থিতি চোখে পড়েনি। কিছু কিছু কেন্দ্রে হাতে গোনা কয়েকজন ভোটারকে ভোট দিতে দেখা গেছে। ভোটার না থাকার কারণে বিভিন্ন কেন্দ্রের খালি মাঠে ছাগলের ঘাস খাওয়ার চিত্র এবং চৈত্রের দুপুরে কুকুরের অলস ঘুমানোর ছবি দেখা গেছে।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, আখাউড়া পৌরসভাসহ ও ৫ টি ইউনিয়নে মোট ভোটার ১ লাখ ৪হাজার ৬২টি। মোট ভোট কেন্দ্র রয়েছে ৪৪ টি।

এ বিষয়ে আখাউড়া উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শামছুজ্জামান বলেন, অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে।

আখাউড়া উপজেলায় শুধু ভাইস চেয়ারম্যান পুরুষ পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। চেয়ারম্যান পদে আবুল কাশেম ভূঁইয়া ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে নাছরিন সফিক আলেয়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। 

ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী মুরাদ হোসেন ভূঁইয়া (মাইক) ও গোলাম মোস্তফা (তালা) প্রতীকে নির্বাচনে অংশ নিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত