বর্তমান স্বৈরাচারী সরকারের পতন ঘটানো সম্ভব: কামাল

আপডেট : ৩১ মার্চ ২০১৯, ০৮:২৪ পিএম

জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, স্বাধীনতার যুদ্ধ, স্বৈরাচারবিরোধী আন্দোলন সফল হয়েছিল জনগণের মধ্যে ঐক্য হয়েছিল বলে। জনগণের মধ্যে যে ঐক্য ইতিমধ্যে প্রতিষ্ঠিত হয়েছে, তা দিয়ে বর্তমান স্বৈরাচারী সরকারের পতন ঘটানো যাবে।

রোববার জাতীয় প্রেসক্লাবে জাতীয় ঐক্যফ্রন্টের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ড. কামাল বলেন, ঐক্যফ্রন্টে কিছু বিষয়ে দ্বিমত থাকলেও মৌলিক বিষয়ে দ্বিমত নাই।

প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকার বাকশাল প্রতিষ্ঠার সব প্রস্তুতি সম্পন্ন করেছে। কিন্তু তা সম্ভব হবে না।

তিনি বলেন, বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে ঐক্য প্রতিষ্ঠা করেছে। এখন সরকার এই ঐক্য বিনষ্ট করতে উঠেপড়ে লেগেছে। সরকার বলে বিএনপি তাদের প্রতিপক্ষ না। যদি তাই হবে তাহলে বিএনপিকে নিয়ে এত কথা বলে কেন?

জেএসডি সভাপতি আ স ম রব বলেন, দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা, মানুষের অধিকার প্রতিষ্ঠার সঙ্গে খালেদা জিয়ার মুক্তির বিষয়টি জড়িত। খালেদা জিয়াকে মুক্তি দিয়ে দ্রুত নির্বাচন দিতে হবে সরকারকে।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু, নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড.আবদুল মঈন খানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত