নরসিংদীর পলাশে ঘোড়াশাল তাপ বিদ্যুৎকেন্দ্রের তার চুরিতে বাধা দিতে গিয়ে দুর্বৃত্তের হামলায় গোলাপ মিয়া (৫৫) নামে এক নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন।
রবিবার রাত ২টার দিকে বিদ্যুৎকেন্দ্রের ৭নং ইউনিটের পাশে অবস্থিত ক্যাবল স্টোরে এই হামলায় আহত হন আরও চারজন।
নিহত গোলাপ মিয়া কিশোরগঞ্জের পাকুন্দিয়ার চরটেকি গ্রামের মৃত আব্দুল বারিক মিয়ার ছেলে। আহতরা হলেন- বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা সুপারভাইজার আবুল কালাম আজাদ, নিরাপত্তাকর্মী সাজ্জাত রহমান, আনসার সদস্য আশাদউল্লাহ ও উজ্জল মিয়া।
আহত সুপারভাইজার আজাদ বলেন, হামলার শুরুতেই আমাদের জীবন রক্ষার্থে দুই আনসার সদস্যকে ফাঁকা গুলি করার কথা বলেছিলাম। কিন্তু তারা বন্দুক কাঁধে রেখেই মার খেতে থাকল। তখন আনসার সদস্যরা গুলি ছুড়লে এমন হামলাও হতো না। নিরাপত্তাকর্মী গোলাপ মিয়াও মারা যেত না।
বিদ্যুৎকেন্দ্রে দায়িত্বরত আনসার কমান্ডার আক্তার হোসেন জানান, নির্দেশ দেওয়ার পরও কেন গুলি ছোড়েনি সে বিষয় খতিয়ে দেখা হবে।
পলাশ থানার ওসি মকবুল হোসেন মোল্লা জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
