নেত্রকোনা জেলার কলমাকান্দায় শিশু ধর্ষণের অভিযোগে রিফাত নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে উপজেলার গোবিন্দপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার রিফাত হোসেন উপজেলার খারনৈ ইউনিয়নের উত্তর রানীগাঁও গ্রামের মো. রফিকুল ইসলাম ওরফে রবি মিয়ার ছেলে।
গত সোমবার (২৫ মার্চ) দুপুরে প্রথম শ্রেণির এক শিশু (৬) খালে গোসল করতে গেলে ওই তাকে একা পেয়ে ধর্ষণ করেন অভিযুক্ত রিফাত। পরে শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে রিফাত পালিয়ে যায়।
ঘটনার পাঁচ দিন পর গত শনিবার (৩০ মার্চ) শনিবার রাতে শিশুটির মা বাদী হয়ে কলমাকান্দা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
গত রোববার সকালে শিশুটির ডাক্তারি পরীক্ষার জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠায় পুলিশ। ঘটনার পর থেকে অভিযুক্ত রিফাত পলাতক ছিলেন।
কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাজহারুল করিম জানান, আটক রিফাতকে মঙ্গলবার ভোরে অভিনব কৌশলে উপজেলার গোবিন্দপুর এলাকায় থেকে আটক করা হয়েছে।
