“শুধু সরকারি প্রণোদনার আশায় থাকলে চলবে না, চলচ্চিত্রকে বাঁচাতে হলে নিজেদের ভালো মানের চলচ্চিত্র তৈরি করে বাজার তৈরি করতে হবে। আর সে বাজারে প্রণোদনা দেবে সরকার। কারণ আমাদের সরকার চায়, বাংলাদেশের চলচ্চিত্র সোনালি অতীত ফিরে পাক।” বললেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।
নানা আয়োজনে বুধবার সারা দেশে পালিত হচ্ছে জাতীয় চলচ্চিত্র দিবস। সকালে এফডিসিতে দিবসটির উদ্বোধন করেন তথ্যমন্ত্রী। তথ্য মন্ত্রণালয় ও বিএফডিসি আয়োজিত অনুষ্ঠানে এই সব কথা বলেন তিনি।
‘চলচ্চিত্র বাঁচলে, সংস্কৃতি বাঁচবে’ এবারের দিবসটির স্লোগান। অনুষ্ঠানে চলচ্চিত্রের সংকট মোকাবিলায় সবাইকে একত্র হওয়ার আহ্বান জানান তথ্যমন্ত্রী।
আয়োজনের শুরুতে বিএফডিসিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় চলচ্চিত্রের প্রবীণ শিল্পীরা। তারপর বেলুন ও পায়রা উড়িয়ে উদ্বোধন হয় দিবসের।
হাছান মাহমুদ আরও জানান, এফডিসির নান্দনিকতা বৃদ্ধি ও আধুনিকায়নে প্রকল্প গ্রহণ করা হবে। আমদানি করা ছবির ছাড়পত্র ১০ দিনের মধ্যে দেওয়ার দাবি বাস্তবায়ন করার ক্ষেত্রে নির্দেশনা দিয়েছেন। হিন্দি ছবি চালানোর ক্ষেত্রে সব পক্ষের সঙ্গে কথা বলবেন।
সিনেমা হলের আধুনিকায়নে স্বল্প সুদে দীর্ঘমেয়াদি ঋণ দেওয়া হবে বলেও জানান মন্ত্রী।
এ সময় আরও উপস্থিত ছিলেন তথ্য সচিব আব্দুল মালেক, বিএফডিসির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক লক্ষণ চন্দ্র দেবনাথ, চলচ্চিত্র দিবস উদ্যাপন কমিটির আহ্বায়ক সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম, কো চেয়ারম্যান নায়ক আলমগীর, পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর। তারকাদের মধ্যে উপস্থি ছিলেন ইলিয়াস কাঞ্চন, চিত্রনায়িকা রোজিনা, অঞ্জনা, নাসরিন, সাইমন সাদিক ও জায়েদ খানসহ অনেক।
