সমুদ্র পথে মালয়েশিয়াগামী ২৭ রোহিঙ্গা উদ্ধার

আপডেট : ০৩ এপ্রিল ২০১৯, ০৪:৪০ পিএম

কক্সবাজারের টেকনাফ থেকে সমুদ্র পথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার চেষ্টাকালে ২৭ জন রোহিঙ্গাকে উদ্ধার করেছে বিজিবি।

বুধবার পৃথক অভিযানে তাদের উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া রোহিঙ্গার মধ্যে রয়েছেন পুরুষ ৩ জন, নারী ১৬ জন এবং শিশু ৮ জন।

টেকনাফ বিজিবির ২ নম্বর ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, ভোররাতে কিছু রোহিঙ্গা নাগরিককে অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়া পাচার করার জন্য সাগরের তীরবর্তী কাটাবুনিয়া খালেরমুখ এলাকায় জমায়েত করা হয়েছে, এ রকম খবর পেয়ে খুরেরমুখ বিজিবির অস্থায়ী চেকপোস্টের কর্মরত হাবিলদার মো. আবুল কালাম এর নেতৃত্বে একটি টহলদল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে সাগরের তীরবর্তী এলাকা হতে ১৪ জন (পুরুষ-০১, নারী-০৭, শিশু-০৬) মিয়ানমারের রোহিঙ্গা নাগরিককে নৌকার জন্য অপেক্ষমাণ অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়। অপরদিকে একই সময় মহেশখালীপাড়া

এলাকায় অভিযান পরিচালনা করে আরও ১৩ জন (পুরুষ-০২ জন, নারী-০৯ জন, শিশু-০২ জন) রোহিঙ্গা নাগরিককে উদ্ধার করা হয়।

তিনি জানান, উদ্ধারকৃত রোহিঙ্গা নাগরিকদের জিজ্ঞাসাবাদের জানা যায় যে, তারা বাংলাদেশের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে বসবাসরত ছিল। তাদের সংশ্লিষ্ট রোহিঙ্গা ক্যাম্পে প্রেরণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত