‘পৃথিবীর উন্নয়ন একদিনে হয়নি, পৃথিবীর সব জায়গায় অবকাঠামোগত ত্রুটি বিচ্যুতি আগেও ছিল। অবকাঠামো নির্মাণের সময় যে সব বিল্ডিং কোড ছিল সে সমস্ত অনেক কিছুই তখন মেনে চলা হয়নি; কিন্তু নতুন ভবন নির্মাণে বিল্ডিং কোড মানতে বাধ্য করা হবে’ বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম।
তিনি বুধবার শেরপুর পৌরসভার ১৫০ বৎসর পূর্তি উৎসবের আলোচনা সভা শেষে অগ্নিকাণ্ড রোধে সরকারের করণীয় সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
তিনি আরও বলেন, পরবর্তীতে যেন আর এরকম দূর্ঘটনা না ঘটে সে জন্য বিল্ডিং কোড পরিবর্তন করে এখন নতুন বিল্ডিং কোড এপ্রোভাল দিয়ে দেওয়া হচ্ছে। অগ্নিনির্বাপণে প্রয়োজনীয় ব্যবস্থা প্রতিটি ভবনেই রাখার ব্যাপারেও তাগিদ দেওয়া হচ্ছে।
চারদিনব্যাপী শেরপুর শহীদ দারোগ আলী পৌর পার্কে আয়োজিত অনুষ্ঠানের তৃতীয় দিনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন শেরপুর পৌরসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন।
এ সময় বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক, শেরপুর-৩ আসনের সাংসদ প্রকৌশলী ফজলুল হক চাঁন, পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম, স্থানীয় সরকারের উপ-পরিচালক মো. এটিএম জিয়াউল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চন্দন কুমার পালসহ শেরপুর জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
