রাজধানীতে সড়ক দুর্ঘটনায় তিতুমীর কলেজের ছাত্র রাজীবের মৃত্যুর ঘটনায় তার পরিবারকে এক কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার প্রশ্নে জারি করা রুলের চূড়ান্ত শুনানির জন্য আগামী ১০ এপ্রিল ধার্য করেছেন হাইকোর্ট।
রিটকারী আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে বুধবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানির জন্য এ দিন ধার্য করেন। আদালতে আবেদনের পক্ষে ছিলেন রিটকারী আইনজীবী রুহুল কুদ্দুস কাজল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।
গত বছরের ৩ এপ্রিল রাজধানীর কারওয়ান বাজারে সার্ক ফোয়ারার কাছে বিআরটিসি ও স্বজন পরিবহনের দুই বাসের রেষারেষিতে কনুই থেকে হাত বিচ্ছিন্ন হয়ে যায় কলেজছাত্র রাজীবের। তাকে পান্থপথের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। পরদিন ৪ এপ্রিল রাজীবের চিকিৎসা ও ক্ষতিপূরণের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়।
এরই মধ্যে চিকিৎসাধীন অবস্থায় রাজীবের অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজে স্থানান্তর করা হলে ১৩ দিন চিকিৎসা শেষে ১৬ এপ্রিল মারা যান রাজীব। পটুয়াখালীর বাউফল উপজেলার বাঁশবাড়ি গ্রামের বাসিন্দা রাজীব তৃতীয় শ্রেণিতে পড়ার সময় মাকে এবং অষ্টম শ্রেণিতে পড়ার সময় বাবাকে হারান। স্কুল পড়ুয়া তার দুটি ভাই রয়েছে।
