হবিগঞ্জের নবীগঞ্জের ইছবপুর গ্রামে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নীলু সূত্রধর (৬০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। আহত হয়েছেন তার মেয়ে শিল্পী সূত্রধর (৩০)। গুরুতর আহত শিল্পীকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত নীলু সূত্রধর ওই গ্রামের মৃত চানমনি সূত্রধরের স্ত্রী। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার রাতে। স্থানীয়রা জানান, নিহত নীলু সূত্রধরের স্বামী মারা যান ৭-৮ বছর আগে। তার একমাত্র ছেলে জীবন সূত্রধর কুয়েত প্রবাসী। নীলু পুত্রবধূ হেপি সূত্রধরকে নিয়ে বাড়িতে থাকতেন। কয়েকদিন আগে পুত্রবধূ হেপি বাবার বাড়ি গেলে ছোট মেয়ে শিল্পী সূত্রধর শ্বশুরবাড়ি মাধবপুর থেকে মাকে সঙ্গ দিতে মায়ের কাছে আসেন। গত মঙ্গলবার রাত ৮টার দিকে দুর্বৃত্তরা বাড়িতে প্রবেশ করে মা-মেয়ে দু’জনকে ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই নীলু সূত্রধর নিহত হন।
সহকারী পুলিশ সুপার (নবীগঞ্জ-বাহুবল সার্কেল) পারভেজ আলম চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, জড়িতদের খুব শিগগিরই আইনের আওতায় আনা হবে। ওই বাড়িতে পুলিশ মোতায়েন রাখা হয়েছে।
