প্রধান শিক্ষককে 'জুতাপেটা' করলেন শ্রমিক লীগ নেতা

আপডেট : ০৩ এপ্রিল ২০১৯, ১১:৫৪ পিএম

নাটোরের লালপুর নর্থ বেঙ্গল সুগার মিলস হাইস্কুলের প্রধান শিক্ষককে এক শ্রমিক লীগ নেতা জুতা দিয়ে পেটানোর অভিযোগ উঠেছে।

মঙ্গলবার সকালে ঘটনার পর মিল ব্যবস্থাপনা পরিচালকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ওই শিক্ষক। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় শ্রমিক লীগ নেতা সাইদুর রহমানকে সাময়িক বরখাস্ত করেছে মিল কর্তৃপক্ষ।

সাইদুর রহমান নর্থ বেঙ্গল সুগার মিলের কারখানা বিভাগের শ্রমিক ও নাটোর জেলা শ্রমিক লীগের শিক্ষা ও গবেষণাবিষয়ক সম্পাদক।

এদিকে বুধবার সকালে ঘটনার প্রতিবাদে ওই স্কুলের শিক্ষক-কর্মচারীরা মৌন মিছিল ও প্রতিবাদ সভা করেছে। শিক্ষকরা মিলের ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে দেখা করে ওই শ্রমিক নেতার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

লাঞ্ছিত প্রধান শিক্ষক গাওছুল আজম অভিযোগ করে দেশ রূপান্তরকে বলেন, ‘মঙ্গলবার সকালে দাপ্তরিক কাজের জন্য মিলের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) সৈয়দ আবু বকরের দপ্তরে যাই। সেখান থেকে ফেরার পথে কারখানার মধ্যে শ্রমিক নেতা সাইদুর রহমান আমাকে পায়ের স্যান্ডেল দিয়ে পিটায়।’

তবে শ্রমিক নেতা সাইদুর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন,  ‘আমার বিরুদ্ধ অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।’ 
মিলের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) সৈয়দ মোহাম্মাদ আবু বকর বলেন, ‘প্রাথমিক তদন্তে প্রধান শিক্ষকের অভিযোগের বিষয়টির সত্যতা পাওয়া গেছে, সাইদুর রহমানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। সঠিক তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত