‘সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবন ঝুঁকিপূর্ণ’

আপডেট : ০৪ এপ্রিল ২০১৯, ০২:৫৬ এএম

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বর্তমান মূল ভবনটি পুরনো হয়ে যাওয়ায় খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন সমিতির বিদায়ী সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন। গতকাল বুধবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে বারের বিদায়ী কমিটির সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, এজন্য কোনো দুর্ঘটনা ঘটলে দায় বার নেবে না মর্মে সাধারণ ডায়েরি (জিডি) করা হবে। পাশাপাশি ইতোমধ্যে ভবনটি সংস্কারের বিষয়ে গণপূর্তমন্ত্রীর কাছে আবেদন করা হয়েছে।

গত ২০ ফেব্রুয়ারি সমিতির সভাপতির স্বাক্ষরে গণপূর্ত মন্ত্রণালয়ে পাঠানো ওই আবেদনে বলা হয়, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি (তদানীন্তন ঢাকা হাইকোর্ট বার অ্যাসোসিয়েশন) ১৯৪৭ সালে প্রতিষ্ঠার সময় সদস্য ছিলেন ৯০ জন। কালের আবর্তে আইনজীবী সংখ্যা বাড়তে থাকায় বসার স্থান স্বল্পতা দেখা দিলে সমিতির মূল ভবন সংলগ্ন চার তলাবিশিষ্ট একটি অ্যানেক্স ভবন করা হয়। বর্তমানে সমিতির সদস্য দাঁড়িয়েছে ৯ হাজার জনে।

আবেদনে বলা হয়, স্থান সংকুলান না হওয়ায় আইনজীবীরা চরম দুরবস্থার মধ্যে পেশাগত দায়িত্ব পালন করছেন। আর সমিতির বর্তমান ভবনটি খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। পুরনো মূল ভবনটি যেকোনো কারণে ধসে পড়লে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি এর দায়দায়িত্ব গ্রহণ করবে না। আবেদনে আরও বলা হয়, সমিতির ১৫ তলা নতুন ভবন নির্মাণ অত্যন্ত জরুরি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত