ধানমন্ডির মতো রাজধানীর উত্তরা ও মতিঝিলে শীতাতপ নিয়ন্ত্রিত চক্রাকার বাস সেবা চালুর সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। গতকাল বুধবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) বাস রুট রেশনালাইজেশন সংক্রান্ত কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। বৈঠকে ডিএসসিসি মেয়র সাঈদ খোকন এবং উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে সাঈদ খোকন সাংবাদিকদের বলেন, ‘আমরা ধানমন্ডি-নিউমার্কেট-আজিমপুর রুটে যেমন চক্রাকার বাস চালু করেছি, ঠিক তার অনুরূপ চক্রাকার বাস সার্ভিস চালু করতে যাচ্ছি উত্তরা-মতিঝিল এলাকাতেও। আমরা ইনশাআল্লাহ চলতি মাসের (এপ্রিল) শেষ সপ্তাহে মতিঝিলে চক্রাকার বাস সার্ভিস চালু করব। এ ছাড়া মে মাসের প্রথম সপ্তাহে উত্তরায় চক্রাকার বাস সার্ভিস চালু করতে যাচ্ছি।’
তিনি আরও বলেন, ‘এই বাস সার্ভিসের মাধ্যমে আমরা গণপরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনতে চাই। একই সঙ্গে আমরা যাত্রীসেবা নিশ্চিত এবং তুলনামূলক কম খরচে স্বচ্ছন্দে যাত্রীরা যাতে চলাচল করতে পারেন তা নিশ্চিত করতে চাই।’
সদ্য চালু হওয়া ধানম-ি-নিউমার্কেট-আজিমপুর রুটের চক্রাকার বাস সার্ভিস প্রসঙ্গে মেয়র খোকন বলেন, ‘এই রুটের চক্রাকার বাসসেবা ইতোমধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এখন হয়তোবা কিছুটা ত্রুটিবিচ্যুতি রয়েছে। কারণ একটি নতুন প্রজেক্ট চালু করলে সমস্যা থাকবেই। তবে আশা করছি আগামী ১৫ দিনের মধ্যেই যাত্রীরা এর সার্বিক সুবিধা ভোগ করতে পারবেন।’
বাস রুট রেশনালাইজেশন প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে মেয়র বলেন, ‘নির্দিষ্ট কোম্পানির তত্ত্বাবধানে সাড়ে ৪ হাজার বাস নামানো হবে। পুরো রুট রেশনালাইজেশনের কাজ শেষ হতে দুই বছর সময় লাগবে। কারণ এখানে টার্মিনাল ও ডিপো তৈরি এবং চালকদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। এসব চক্রাকার বাস রুট রেশনালাইজেশন প্রক্রিয়ারই ছোট ছোট অংশ।’
ডিএসসিসি মেয়রের সভাপতিত্বে অন্যদের মধ্যে বিআরটিএ চেয়ারম্যান মশিয়ার রহমান, বিআরটিসি চেয়ারম্যান ফরিদ আহমেদ ভূঁইয়া, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ এবং বাস রুট রেশনালাইজেশন সংক্রান্ত কমিটির সব সদস্য সভায় উপস্থিত ছিলেন।
রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা ফেরানো ও যানজট নিরসনের লক্ষ্যে গত বছর একটি প্রজ্ঞাপনের মাধ্যমে বাস রুট রেশনালাইজেশন সংক্রান্ত কমিটি গঠন করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ। ১০ সদস্যের এই কমিটির আহ্বায়ক ডিএসসিসি মেয়র সাঈদ খোকন।
