একাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন আগামী ২৪ এপ্রিল বুধবার বিকেল ৫টায় শুরু হবে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন। গতকাল বুধবার সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংসদ সচিবালয় থেকে জানানো হয়, ৬০ দিনের সাংবিধানিক বাধ্যবাধকতার জন্যই এ অধিবেশন আহ্বান করা হয়েছে। সংবিধান অনুযায়ী সংসদের এক অধিবেশন শেষ হওয়ার পরবর্তী ৬০ দিনের মধ্যে আরেক অধিবেশন বসতে হবে। জুনে বাজেট অধিবেশনের আগে এ অধিবেশন ডাকা হয়েছে। ফলে আসন্ন অধিবেশন সংক্ষিপ্ত হতে পারে।
একাদশ সংসদের প্রথম অধিবেশন গত ৩০ জানুয়ারি শুরু হয়ে ১১ মার্চ শেষ হয়। ২৬ কার্যদিবসের ওই অধিবেশনে পাঁচটি সরকারি বিল পাস করা হয়। ৩২১টি নোটিসের মধ্যে ৩০টি গৃহীত ও ১৮টির ওপর আলোচনা হয়।
