আবরারের মৃত্যু

ক্ষতিপূরণের আদেশ স্থগিত চেয়ে বাস মালিকের আবেদন

আপডেট : ০৪ এপ্রিল ২০১৯, ০৩:০৪ এএম

রাজধানীর প্রগতি সরণিতে সুপ্রভাত পরিবহনের বাসচাপায় আবরার আহাম্মেদ চৌধুরীর মৃত্যুর ঘটনায় তার পরিবারকে ১০ লাখ টাকা দিতে হাইকোর্টের নির্দেশ স্থগিত চেয়ে আপিল করা হয়েছে। গতকাল বুধবার আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় বাসমালিক এ আবেদন করেন বলে জানান হাইকোর্টে রিটকারী আইনজীবী রুহুল কুদ্দুস কাজল।

গত ১৯ মার্চ সকালে রাজধানীর বসুন্ধরা এলাকায় সুপ্রভাতের বেপরোয়া বাসের চাপায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ছাত্র আবরারের মৃত্যু হয়। এর বিচার দাবিতে আন্দোলনে নামেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। ঘটনাটি পরদিন হাইকোর্টের নজরে আনেন আইনজীবী রুহুল কুদ্দুস কাজল। আদালত তাকে রিট করার নির্দেশ দিলে ওই দিনই হাইকোর্টে আবেদন করেন তিনি।

পরে শুনানি করে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের বেঞ্চ এক অন্তর্বর্তীকালীন আদেশে আবরারের পরিবারকে এক সপ্তাহের মধ্যে ১০ লাখ টাকা দিতে সুপ্রভাত পরিবহনকে নির্দেশ দেয়। পাশাপাশি ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেওয়া হবে নাÑ মর্মে রুল জারি করে আদালত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত