ঢাকার মিরপুর থেকে অপহৃত এক হোমিওপ্যাথি চিকিৎসককে টাঙ্গাইলের মধুপুরের শালবন থেকে উদ্ধার করেছে র্যাব। ওই অভিযানে অপহরণ চক্রের ৬ সদস্যকে আটক করা হয়।
র্যাব-৪ এর এক প্রেস ব্রিফিংয়ে বৃহস্পতিবার দুপুরে জানানো হয়, গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. আবদুস সালাম (৬৪), মো. আলমগীর হোসেন (১৮), মো. ফয়েজ উদ্দিন (৩২), মো. ফয়সাল (১৮), মো. আবদুল হালিম (৫০) ও মো. বিল্লাল হোসেন।
পলাতক রয়েছেন অপহরণ চক্রের দলনেতা আমিনুল ইসলাম ওরফে সোহরাব (৩৮)। অন্যরা সদস্যরা হলেন সঞ্জিব (৩৫), আলিম (৩৩) ও তারা বিবি ওরফে শানু আক্তার (৩২)।
অপহৃত চিকিৎসকের নাম মোনায়েমুল বাশার (৪০)। তিনি জানান, বুধবার রোগী দেখার কথা বলে ডেকে নিয়ে যাওয়া হয়। এরপর আটকে রেখে নির্যাতনের হুমকি দিয়ে ফোন করা হয় তার স্ত্রীকে। পাঁচ লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়।
মোনায়েমুলের পরিবারের পক্ষ থেকে অপহরণকারীদের কিছু টাকাও দেওয়া হয়। পাশাপাশি তারা র্যাব কার্যালয়ে অভিযোগ করলে বুধবার রাত ৮টার থেকে বৃহস্পতিবার সাড়ে ৫টা পর্যন্ত অভিযান চালিয়ে অপহৃতকে উদ্ধার করা হয়। আটক করা হয় ৬ জনকে।
