রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট এলাকায় অবস্থিত পতিতাপল্লিতে কিশোরীকে বিক্রির সময় এক যুবককে আটক করেছে পুলিশ। ওই যুবক রাজশাহীর মিজানুর রহমান ওরফে জিয়ারুল ইসলাম (৩৭)।
জানা যায়, মোবাইল ফোনের মাধ্যমে আশুলিয়ার ওই কিশোরীর সঙ্গে পরিচয় হয় প্রতারক যুবকের। এরপর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রেমের সূত্র ধরে শিমুকে দেওয়া হয় বিয়ের প্রস্তাব।
পুলিশ জানায়, বুধবার জিয়ারুল ওই কিশোরীকে বিভিন্ন স্থানে ঘুরিয়ে গোয়ালন্দ ঘাট এলাকায় নিয়ে আসে। সেখানে শিমুকে বিক্রির জন্য কয়েকজন দালালের সঙ্গে কথা বলে। খবর পেয়ে গোয়ালন্দ ঘাট থানা পুলিশের এসআই ইকবাল আহমেদ আটক করে।
এ ঘটনায় গোয়ালন্দ ঘাট থানায় মানবপাচার আইনে জিয়ারুলের বিরুদ্ধে মামলা হয়েছে।
আটক জিয়ারুলের বাড়ি রাজশাহী জেলার বাঘা ইউনিয়নের লক্ষীনগর গ্রামে।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এজাজ শফি জানান, দীর্ঘদিন ধরে একটি চক্র নানাভাবে ফুঁসলিয়ে কিশোরীদের পতিতাপল্লিতে এনে বিক্রি করে থাকে। পুলিশের কঠোর নজরদারী থাকার কারণে সেটি এখন কমে এসেছে।
