ধর্ষণে শিশু অন্তঃসত্ত্বা একমাত্র আসামি উসমান গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি

আপডেট : ০৫ এপ্রিল ২০১৯, ১২:৩৩ এএম

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় ধর্ষণের শিকার তৃতীয় শ্রেণির শিশু অন্তঃসত্ত্বা হওয়ার মামলার একমাত্র আসামি উসমান ওরফে হামারকে (৫৫) গ্রেপ্তার করা হয়েছে।

গত বুধবার রাতে নওগাঁর মাধবপুর উপজেলার কাবুলী গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। পরে বৃহস্পতিবার বিকালে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তীমূলক জবানবন্দি দেন উসমান।

মিরপুর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল আলিম দেশ রূপান্তরকে বলেন, ‘উসমান নওগাঁর মাধবপুরের বাড়িতে অবস্থান করছে বলে আমরা মোবাইল ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে জানতে পারি। মাধবপুর থানা পুলিশের সহায়তায় বুধবার রাত সাড়ে তিনটার দিকে তাকে সেখান থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে কুষ্টিয়া এনে আদালতে হাজির করা হয়। জবানবন্দি শেষে বিচারক উসমানকে কারাগারে পাঠানোর আদেশ দেন।’

ধর্ষণের শিকার অন্তঃসত্ত্বা শিশুটি স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী। উদ্বাস্তু পরিবারের এই শিশুটি তার স্বামী পরিত্যাক্তা মায়ের সঙ্গে মিরপুর উপজেলার একটি সরকারি আশ্রয়ন প্রকল্পে থাকে। তার মা গৃহকর্মীর কাজ করে সংসার চালান।

মামলার নথি অনুযায়ী, প্রায় সাড়ে চার মাস আগে বাড়িতে একা পেয়ে একই আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা প্রতিবেশী ওসমান ওড়না দিয়ে মুখ বেঁধে শিশুটিকে ধর্ষণ করেন। তিনি বিষয়টি কাউকে না বলতে হত্যার হুমকি দেন। সম্প্রতি মেয়ের শারীরিক পরিবর্তন দেখার পর তার মা প্রতিবেশী এক নারীর সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেন। পরে তার পরামর্শে চিকিৎসকের কাছে নিয়ে গেলে মেয়ের অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি জানতে পারেন মা।

এরপর শিশুটির মা বাদী হয়ে মিরপুর থানায় ওসমানের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণের মামলা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত