মৌমাছির আক্রমনে শিশুসহ ৬ অটোযাত্রী হাসপাতালে

আপডেট : ০৫ এপ্রিল ২০১৯, ০১:১১ এএম

পঞ্চগড়ে মৌমাছির আক্রমনে শিশুসহ ইজিবাইকের ছয় যাত্রী আহত হয়েছে। আহতদের ফায়ার সার্ভিসের সহায়তায় উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে পঞ্চগড় সদর উপজেলার গড়িনাবড়ীর ইউনিয়নের আটোয়ারী-পঞ্চগড় সড়কের রজলী-খালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন আটোয়ারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের ছোটদাপ এলাকার হামিদুল ইসলামে ছেলে  লাইজু (২৫), একই উপজেলার নোমান আলীর ছেলে রকি (২০), দরদরিয়া পাড়ার সফিজউদ্দীনের ছেলে সৌরভ (২৮), পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারার আলির স্ত্রী মেহেরুন (২৫), তার ছেলে আলিফ (২), মাগুড়া ইউনিয়নের ঝলই শালশিরী ইউনিয়নের তসিরউদ্দীনের ছেলে দবিরুল (৩০)।

স্থানীয়রা জানায়, পঞ্চগড় থেকে ইজিবাইকে আটোয়ারী যাওয়ার পথে রজলি খালপাড়া এলাকার টাঙন ব্রিজের সংলগ্ন সড়কের পাশের গাছে থাকা মৌচাকে একটি পাখি আক্রমন করলে ক্ষিপ্ত মৌমাছিরা উড়ে এসে ইজিবাইকের যাত্রীদের হুল ফোটাতে শুরু করে।

এ সময় ইজিবাইকের যাত্রীদের চিৎকারে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে।

পঞ্চগড় ফায়ার সার্ভিসের ষ্টেশন মাস্টার নিরঞ্জন রায় জানান, মৌমাছির কামড়ের খবর পেয়ে আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে শিশুসহ ৬ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করি।

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আফিফা জিন্নাত আফি জানান, মৌমাছির বিষাক্ত হুলে তাদের শরীরের বিভিন্ন জায়গায় ক্ষত হয়েছে। বর্তমানে তারা শঙ্কামুক্ত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত