হেফাজতে ইসলামের আমির ও আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার পরিচালক আল্লামা আহমদ শফীর সঙ্গে দেখা করেছেন প্রধানমন্ত্রী কার্যালয়ের এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ।
তিনি আহমদ শফীর দোয়া নিয়েছেন বলে প্রশাসনের পক্ষ থেকে দেশ রূপান্তরতে জানানো হয়।
শুক্রবার দুপুরে হেফাজত আমিরের সঙ্গে সাক্ষাৎ করেছেন বলে একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
দুপুর ১টার দিকে আবুল কালাম আজাদ হাটহাজারী মাদ্রাসায় প্রবেশ করেন। এরপর মাদ্রাসার বড় মসজিদে জুমার নামাজ আদায় করেন। নামাজ শেষে তিনি হেফাজত আমিরের কার্যালয়ে যান বলে জানান হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ রুহুল আমীন।
তিনি আরো জানান, দীর্ঘ প্রায় ৩০ মিনিট তিনি হেফাজত আমিরের সঙ্গে সময় কাটান। এ সময় তিনি হেফাজত আমিরের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং তারা উভয়ে কুশলাদি বিনিময় করেন।
ইউএনও দেশ রূপান্তরকে বলেন, তিনি মূলত চট্টগ্রামে তার নির্ধারিত কর্মসূচিতে এসেছেন। কর্মসূচির অন্যতম হলো শফী হুজুরের দোয়া নেয়া। সাক্ষাৎ শেষে তিনি হেফাজত আমিরের আহ্বানে মাদ্রাসায় আয়োজিত মধ্যাহ্ন ভোজে অংশ নেন।
এরপর বিকেল ৩টার দিকে তিনি হেফাজত আমিরের কার্যালয় থেকে বের হয়ে মাদ্রাসা ক্যাম্পাস পরিদর্শন শেষে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হন।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার শংকর রঞ্জন শাহা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মাশুদুল কবির, হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রুহুল আমীন হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মাসুম, সহকারী কমিশনার (ভূমি) সম্রাট খিসা, হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ বেলাল উদ্দীন জাহাংগীর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ ও হেফাজত আমিরের পুত্র মাওলানা আনাস মাদানী।
