প্রধানমন্ত্রীর মুক্তিযুদ্ধের চেতনায় গণতন্ত্রের ছিটেফোঁটাও নেই: রিজভী

আপডেট : ০৭ এপ্রিল ২০১৯, ০১:০১ এএম

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেছেন, প্রধানমন্ত্রী যে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে সে চেতনায় গণতন্ত্রের ছিটেফোঁটাও নেই। একদলীয় পারমানেন্ট ক্ষমতায় থাকার চেতনাই হচ্ছে একমাত্র চেতনা।

শনিবার নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিলপূর্ব এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ অভিযোগ করেন।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবিতে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলটি শুরু হয় দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নাইটিঙ্গেল মোড় ঘুরে আবার কার্যালয়ে গিয়ে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন রিজভী।

মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে রিজভী বলেন, মুক্তিযুদ্ধের মূলমন্ত্র ছিল গণতন্ত্র। কিন্তু প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনা থেকে গণতন্ত্র মুছে ফেলেছেন। তার চেতনায় এখন বাকশাল। এ জন্য গণতন্ত্রের সব প্রতিষ্ঠানে বাকশালের কালো থাবা বিস্তারে মনোযোগী হয়ে উঠেছেন। আজ আইন-আদালত-প্রশাসন-নির্বাচন কমিশনসহ বিভিন্ন প্রতিষ্ঠান একদলীয় বাকশালি ব্যবস্থার অধীন।

তিনি বলেন, গণতান্ত্রিক অধিকারহারা মানুষ বর্তমান ভয়াবহ দুঃশাসনের বিরুদ্ধে এখন আরও বেশি ঐক্যবদ্ধ।  যে কোনো মুহূর্তে জনগণের ধৈর্যের বাঁধ ভেঙে যাবে এবং আওয়ামী বাকশালি দুঃশাসনের অপমৃত্যু ঘটবে।

মিছিলে অংশ নেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি শফিউল বারী বাবু, সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভুইয়া জুয়েল, সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. ইয়াসিন আলী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ, যুগ্ম সাধারণ সম্পাদক সাদরাজ জামান, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি এস এম জিলানী, উত্তরের সভাপতি ফখরুল ইসলাম রবিন, দক্ষিণের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি রফিক হাওলাদার, উত্তরের সাধারণ সম্পাদক কাজী রেজওয়ান হোসেন রিয়াজ, সিনিয়র সহ-সভাপতি হারুন-অর রশীদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত