সমাবেশে রিজভী

প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনা থেকে গণতন্ত্র মুছে ফেলেছেন

আপডেট : ০৭ এপ্রিল ২০১৯, ০২:০৮ এএম

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘মুক্তিযুদ্ধের মূলমন্ত্র ছিল গণতন্ত্র। কিন্তু প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনা থেকে গণতন্ত্র মুছে ফেলেছেন। তার চেতনায় এখন বাকশাল। এজন্য গণতন্ত্রের সব প্রতিষ্ঠানে বাকশালের কালো থাবা বিস্তারে মনোযোগী হয়ে উঠেছেন। আজ আইন-আদালত-প্রশাসন-নির্বাচন কমিশনসহ বিভিন্ন প্রতিষ্ঠান একদলীয় বাকশালি ব্যবস্থার অধীন।’ গতকাল শনিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে এ কথা বলেন তিনি।

এর আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবিতে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বের হওয়া মিছিলে নেতৃত্ব দেন রিজভী। দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে মিছিলটি নাইটিঙ্গেল মোড় ঘুরে আবার সেখানে গিয়ে শেষ হয়। 

সমাবেশে রিজভী আরও বলেন, ‘গণতান্ত্রিক অধিকারহারা মানুষ বর্তমান ভয়াবহ দুঃশাসনের বিরুদ্ধে এখন আরও বেশি ঐক্যবদ্ধ। যেকোনো মুহূর্তে জনগণের ধৈর্যের বাঁধ ভেঙে যাবে এবং আওয়ামী বাকশালি দুঃশাসনের অপমৃত্যু ঘটবে।’

স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল, সিনিয়র সহসভাপতি মোস্তাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. ইয়াসিন আলী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ, যুগ্ম সাধারণ সম্পাদক সাদরাজ জামান, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি এস এম জিলানী, উত্তরের সভাপতি ফখরুল ইসলাম রবিন, দক্ষিণের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সিনিয়র সহসভাপতি রফিক হাওলাদার, উত্তরের সাধারণ সম্পাদক কাজী রেজওয়ান হোসেন রিয়াজ, সিনিয়র সহসভাপতি হারুন-অর-রশীদসহ বিভিন্ন পর্যায়ের নেতারা মিছিলে অংশ নেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত