নীলফামারীর নীলসাগর দিঘিতে নিখোঁজ হওয়ার চার দিন পর এসএসসি পরীক্ষার্থী সুমনের মরদেহ ভেসে উঠেছে গতকাল রবিবার। অপরদিকে, ফেনীতে নিখোঁজের সাত দিন পর গত শনিবার গভীর রাতে ডোবা থেকে উদ্ধার করা হয়েছে শুভ নামের স্কুলছাত্রের লাশ। এ ঘটনায় সহপাঠীসহ তিনজনকে আটক করেছে পুলিশ। প্রতিনিধিদের পাঠানো খবর :
নীলফামারী : গত বুধবার সকালে ধর্মীয় আচার পালনে নীলফামারীর নীলসাগর দিঘিতে বন্ধুদের সঙ্গে নেমে নিখোঁজ হয় এসএসসি পরীক্ষার্থী সুমন চন্দ্র রায় (১৫)। এরপর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরিদল তাকে উদ্ধার অভিযান অব্যাহত রাখে। গত শনিবার সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে ব্যর্থ হলে অবশেষে চার দিন পর গতকাল রবিবার সকাল সোয়া ৮টার দিকে দিঘির উত্তর পাড়ে সুমনের লাশ ভেসে ওঠে।
সুমনের মামাতো ভাই রেবতী রায় বলেন, তিন বোন ও এক ভাইয়ের মধ্যে সুমন সবার ছোট। জেলা সদরের খোকসাবাড়ি ইউনিয়নের মুসরত গোড়গ্রামের কৃষক সুকুমার চন্দ্র রায়ের ছেলে সে। এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে সুমন।
ফেনী : নিখোঁজের সাত দিন পর আরাফাত হোসেন শুভর (১৩) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত শনিবার রাত সাড়ে ৩টার দিকে শহরতলির তেমুহনি বাজারসংলগ্ন মাথিয়ারায় একটি ডোবা থেকে তার গলিত লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় সহপাঠীসহ তিনজনকে আটক করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয়রা জানায়, গত ৩১ মার্চ বিকেলে সাইকেল নিয়ে বাজারে গিয়ে নিখোঁজ হয় শুভ।
