পাহাড়ে সন্ত্রাসীদের স্বাভাবিক জীবনে ফেরার আহ্বান সিইসির

আপডেট : ০৭ এপ্রিল ২০১৯, ১০:৫০ পিএম

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, বাঘাইছড়িতে সংঘটিত হত্যাকাণ্ড একটি মর্মান্তিক ঘটনা। পাহাড়ে ভবিষ্যতে নির্বাচনকে কেন্দ্র করে এমন হত্যাকাণ্ডের কেউ যাতে পুনরাবৃত্তি ঘটাতে না পারে সে ব্যাপারে নির্বাচন কমিশন সতর্ক থাকবে।

ভবিষ্যতে পাহাড়ে যেকোনো নির্বাচনে নিরাপত্তা আরো জোরদার করা হবে জানিয়ে সিইসি পাহাড়ের সন্ত্রাসীদের স্বাভাবিক জীবনে ফেরার আহ্বান জানিয়েছেন।

রোববার দুপুরে বাঘাইছড়ির উপজেলা পরিষদ মাঠে এক মতবিনিময় সভায় এসব বলেন তিনি।

রাঙামাটির বাঘাইছড়িতে নির্বাচনী দায়িত্ব পালন শেষে ফেরার পথে সন্ত্রাসীদের ব্রাশফায়ারে নিহতের স্বজন ও আহতদের আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে এসব বলেন নূরুল হুদা।

তিনি বাঘাইছড়ি উপজেলা মিলনায়তনে বাঘাইছড়িতে নিহতদের স্বজনদের সমবেদনা জানান এবং স্থানীয়দের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। এর আগে উপজেলা পরিষদ কমপ্লেক্সে পৌঁছালে তাকে গার্ড অব অনার দেওয়া হয়। 

পরে নিহতের প্রতি পরিবারকে সাড়ে পাঁচ লাখ, গুরুতর আহতদের এক লাখ এবং আহতদের ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয় ।

রাঙামাটির জেলা এ কে এম মামুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় নির্বাচন কমিশনার ব্রি. জে (অব) শাহাদাত হোসেন চৌধুরী, নির্বাচন কমিশনের সচিব হেলালুদ্দীন আহমদ ও সেনাবাহিনীর চট্টগ্রাম অঞ্চলের জিওসি মেজর জেনারেল এস এস মতিউর রহমান উপস্থিত ছিলেন।

১৮ মার্চ নির্বাচনী দায়িত্ব পালন শেষে উপজেলা সদরে ফেরার পথে সন্ত্রাসীদের গুলিতে নির্বাচনী কাজে নিয়োজিত ৭ জন নিহত ও বেশ কয়েকজন আহত হন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত