৩৬ কোটি টাকা আত্মসাৎ

বিটস ফ্যাশনসের এমডিসহ ৬ জনের বিরুদ্ধে মামলা হচ্ছে

আপডেট : ০৮ এপ্রিল ২০১৯, ০১:০৬ এএম

এবি ব্যাংকের রাজধানীর কাকরাইল শাখা থেকে ৩৬ কোটি ৬৭ লাখ ২৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগে বিটস ফ্যাশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তসলিম আহমেদসহ ছয় জনের বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে

দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল রবিবার কমিশন বৈঠকে এই অনুমোদন দেওয়া হয় বলে দেশ রূপান্তরকে জানান দুদকের উপপরিচালক প্রণব কুমার ভট্টাচার্য।

তিনি জানান, দুয়েক দিনের মধ্যে সংশ্লিষ্ট থানায় মামলাটি করা হবে। আসামিরা হচ্ছেন বিটস ফ্যাশনস লিমিটেডের এমডি তাসলিম আহমেদ, পরিচালক শামীমা আহমেদ, ফেয়ার ট্রেড গ্রুপের এমডি জসিম আহম্মেদ, এবি ব্যাংক কাকরাইল শাখার সাবেক সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও শাখা ব্যবস্থাপক ছাইফুল ইসলাম খান (বর্তমানে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ক্রেডিট, অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড মনিটরিং প্রধান কার্যালয়), সাবেক সিনিয়র প্রিন্সিপাল অফিসার আল আমিন মিয়া ও সাবেক এসএভিপি ও ইনচার্জ-ক্রেডিট অ্যাডমিনিস্ট্রেশন মনিটরিংয়ের আজাদ হোসেন।

দুদক কর্মকর্তারা জানান, দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ সিরাজুল হক ও উপসহকারী পরিচালক মো. সহিদুর রহমান অনুসন্ধান করে তাদের দুর্নীতির প্রমাণ পেয়েছেন। তাদের প্রতিবেদনের ভিত্তিতে কমিশন মামলার অনুমোদন দিয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত