সোনাগাজীতে সংঘর্ষে আহত যুবলীগ নেতার মৃত্যু

আপডেট : ০৮ এপ্রিল ২০১৯, ১২:৫২ পিএম

উপজেলা নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত পৌর যুবলীগের ২ নং ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক ইমাম উদ্দিন (৪০) মারা গেছেন। সোমবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় ফয়েজ উল্যাহ (২১) নামের আরও একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

নিহতের ভাই মো. শামিম জানান, ইমাম উদ্দিনের মাথায় গুরুতর আঘাত লাগে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে সোমবার সকাল ১০টার দিকে ইমাম উদ্দিন মারা যান। তিনি দোষীদের সর্বোচ্চ দাবি করেন। নিহত ইমাম উদ্দিন সোনাগাজী উপজেলার নিহত উত্তর চর ছান্দিয়া গ্রামের মাঝি বাড়ির আবু তাহেরের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ৩১ মার্চ উপজেলা নির্বাচনে জাল ভোট দেয়াকে কেন্দ্র করে উপজেলা নির্বাচনে অংশ নেয়া দীন মোহাম্মদের সমর্থক ইমাম উদ্দিনের সঙ্গে অপর প্রার্থী শাখাওয়াতুল হক বিটুর সমর্থক শাহাদাত হোসেন আরিফের কথাকাটাকাটি হয়।

এ ঘটনার জের ধরে পরদিন ১ এপ্রিল সোমবার ইমাম উদ্দিনের ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা করে আরিফের নেতৃত্বে বেশ কয়েকজন যুবক।

এসময় ইমাম উদ্দিন ও ফয়েজ উল্লাহ গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে সোনাগাজী স্বাস্থ্য কমপ্লেক্স ও পরবর্তীতে আশঙ্কাজনক দেখে ইমাম উদ্দিনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ও ফয়েজ উল্লাহকে ফেনীতে প্রেরণ করা হয়।

এ ঘটনার পরদিন ২ এপ্রিল আহত ফয়েজ বাদী হয়ে উপজেলা যুবদলের সাধারণ খুরশিদ আলম, তার সহযোগী আরিফ, নুর নবী, আবছার, জসিম উদ্দিনও নয়নকে আসামি করে সোনাগাজী থানায় মামলা দায়ের করেন।

সোনাগাজী মডেল থানার পরিদর্শক (ওসি) মো. মোয়াজ্জেম হোসেন জানান, এজাহারনামীয় আসামি জসিম উদ্দিনকে আটক করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে একাধিকবার অভিযান হয়েছে। সকলেই পলাতক রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত