আবেদন খারিজ মওদুদের বিরুদ্ধে দুদকের মামলা চলবে

আপডেট : ০৯ এপ্রিল ২০১৯, ০২:০৯ এএম

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলার বিচারিক কার্যক্রম স্থগিত চেয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের করা আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট। শুনানি নিয়ে গতকাল সোমবার বিচারপতি ওবায়দুল হাসান এবং এস এম কুদ্দুস জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আবেদনটি সরাসরি খারিজ করে দেন।

হাইকোর্টের এ আদেশের ফলে মওদুদ আহমদের বিরুদ্ধে বিচারিক আদালতে সাক্ষ্য গ্রহণের পর্যায়ে থাকা এই মামলার কার্যক্রম চলবে বলে জানান শুনানীতে অংশ নেওয়া দুদকের প্রধান আইনজীবী খুরশিদ আলম খান। আদালতে আবেদনের পক্ষে মওদুদ আহমদ নিজেই শুনানি করেন। তাকে সহযোগিতা করেন আইনজীবী আবদুল্লাহ আল মাহমুদ মাসুদ।

মামলার নথিপত্র অনুযায়ী, ৭ কোটি ৩৮ লাখ ৪৮ হাজার ২৮৭ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং ৪ কোটি ৪০ লাখ ৩৭ হাজার ৩৭৫ টাকার তথ্য গোপনের অভিযোগে বিএনপি নেতা ও সাবেক মন্ত্রী মওদুদ আহমদের বিরুদ্ধে বিগত তত্ত্বাবধায়ক সরকার আমলে ২০০৭ সালের ১৬ সেপ্টেম্বর  রাজধানীর গুলশান থানায় মামলাটি করে দুদক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত