পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ ও আঞ্চলিক পরিষদের নির্বাচন অনুষ্ঠান এবং একই সঙ্গে পার্বত্য এলাকায় অবৈধ অস্ত্র ব্যবহারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। গতকাল সোমবার জাতীয় সংসদ ভবনে কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়। আইন অনুযায়ী রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানÑ এই তিন পার্বত্য জেলায় পাঁচ বছর পরপর পরিষদের নির্বাচন হওয়ার কথা। কিন্তু এই পরিষদ গঠিত হওয়ার পর এখন পর্যন্ত মাত্র একবার নির্বাচন হয়েছে ১৯৮৯ সালে। নির্বাচন না হওয়ায় পরিষদ চলছে সরকারের মনোনীত দলীয় ব্যক্তিদের দিয়ে। বৈঠকে জানানো হয়, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন সহায়তার আওতায় তিন পার্বত্য জেলা পরিষদ এবং পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের মাধ্যমে ২০১৮-১৯ অর্থবছরে ২৪০ কোটি টাকার ৮৮২টি প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। তিন পার্বত্য জেলায় রাস্তা, সেতু, কালভার্ট, ফুট ব্রিজ, স্বাস্থ্য, ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণ, বিভিন্ন অবকাঠামো, পর্যটন শিল্পের বিকাশ, বিভিন্ন ভবন নির্মাণসহ পূর্ত কাজ, কৃষি কার্যক্রম সম্প্রসারণ, জলবায়ু, পানীয় জলের ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, ছাত্রাবাস নির্মাণ, আবাসিক বিদ্যালয় পরিচালনা, মৎস্য চাষের ব্যবস্থা, সেচ ড্রেন, ফলজ বাগান সম্প্রসারণ, খেলাধুলা ও সংস্কৃতির চর্চা ও বিকাশে এসব প্রকল্প নেওয়া হয়েছে।
×
