গো-মাংস বিক্রির অভিযোগ তুলে এক মুসলিম বৃদ্ধের ওপর অমানবিক নিপীড়ন চালিয়েছে উগ্রপন্থী হিন্দুরা। মারধর করে শওকত আলী নামে ৭০ বছরের ওই বৃদ্ধকে শূকরের মাংস খেতেও বাধ্য করা হয়।
এনডিটিভি জানায়, আসামে বিশ্বনাথ জেলায় রবিবার এ ঘটনা ঘটেছে। শওকত আলীর ওপর এ নির্মমতার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়লে তোলপাড় সৃষ্টি হয়েছে।
ভিডিওতে দেখা যায়, গো-মাংস বিক্রির অভিযোগ তোলে শওকত আলীকে মারধর করছে স্থানীয় উগ্রপন্থী হিন্দু সংগঠনের কর্মীরা। শুধু মারধর করেই তাকে হেনস্তা করা হয়নি, ওই মুসলিম ব্যক্তিকে পরে শুয়োরের মাংস খেতেও বাধ্য করা হয়। পিটুনির ফলে আহত হয়ে পড়লে শওকত আলীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় অভিযুক্ত ৫ ব্যক্তিকে আটক করেছে স্থানীয় পুলিশ। তারা জানায়, দুটি এফআইআরের ওপর ভিত্তি করে তদন্ত চলছে। তার একটি দায়ের করেছেন শওকতের ভাই।
ভিডিওটিতে দেখা যাচ্ছে, কয়েকজন লোক শওকতকে ঘিরে ধরেছে। তাকে তারা কয়েকটি প্রশ্নও জিজ্ঞাসা করছে। জানতে চাইছে, শওকত কি বাংলাদেশ থেকে এসেছেন? তার কাছে গো-মাংস বিক্রির লাইসেন্স আছে কিনা? এমনকি এনআরসিতে তার নাম আছে কিনা তাও জানতে চায় তারা।
এদিকে আসামের শাসক দল বিজেপি লোকসভা নির্বাচনের জন্য সোমবার ইশতেহার প্রকাশ করেছে। সেখানে এনআরসি তালিকা তৈরির ওপর সর্বাধিক গুরুত্ব আরোপ করা হয়েছে। আসামের বিশ্বনাথ জেলা তেজপুর লোকসভা কেন্দ্রের মধ্যে পড়েছে। এখানে প্রথম দফায় ভোট অনুষ্ঠিত হবে।
