সমুদ্রপথে মালয়েশিয়ায় রোহিঙ্গা প্রবেশ থামছে না, আটক ৪১

আপডেট : ০৯ এপ্রিল ২০১৯, ১২:০৩ পিএম

সমুদ্রপথে রোহিঙ্গাদের অবৈধভাবে মালয়েশিয়া প্রবেশের ঘটনা থামছে না। সোমবার ৪১ জন রোহিঙ্গাকে আটক করেছে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশটির পুলিশ।

২০১৭ সালের ২৫ আগস্ট সন্ত্রাসবিরোধী অভিযানের নামে মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের ওপর গণহত্যা, ধর্ষণ, নির্যাতন শুরু করে দেশটির সেনাবাহিনী।

এতে প্রাণভয়ে সীমান্ত পেরিয়ে ৭ লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। এখন পর্যন্ত বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গার সংখ্যা ১০ লাখেরও বেশি। সম্প্রতি রোহিঙ্গা গ্রামে আবারও অভিযান শুরু করেছে মিয়ানমার সেনাবাহিনী।

লন্ডনভিত্তিক দ্য নিউ আরব জানায়, মালয়েশিয়ার উত্তরাঞ্চল থেকে এসব রোহিঙ্গাদের আটক করা হয়। সমুদ্র পথে তারা দেশটিতে অবৈধভাবে প্রবেশ করে। সম্প্রতি আটক হওয়া রোহিঙ্গাদের মধ্যে এটি দ্বিতীয় বড় দল বলে মালয়েশিয়ার পুলিশ জানায়।

স্থানীয় পুলিশ চিফ নুর মুসার মোহাম্মদ বার্তা সংস্থা এএফপিকে জানান, আটককৃত ৪১ রোহিঙ্গাদের বয়স ১৪ থেকে ৩০ এর মধ্যে। সমুদ্র পথেই তারা মালয়েশিয়ায় এসেছে। নৌকা করে আসা এর আগের রোহিঙ্গা দলটিও একই সীমানা দিয়ে মালয়েশিয়ায় প্রবেশ করেছিল।

জিজ্ঞাসাবাদ আটককৃত রোহিঙ্গারা জানান, রোহিঙ্গা বোঝাই আরও ৬টি নৌকা দেশটিতে প্রবেশের অপেক্ষায় আছে। ২০০ এরও অধিক রোহিঙ্গা এখন থাইল্যান্ডের জলসীমায় আটকে পড়েছে।

পুলিশ চিফ বলেন, একটি মানবপাচারকারী চক্র রোহিঙ্গাদের অবৈধভাবে এ দেশে আনছে। স্থানীয় চক্রের সঙ্গে তাদের যোগসাজশ রয়েছে।  

আটককৃতদের একজন জানায়, মালয়েশিয়ায় আসতে মাথাপিছু তাদের ৪ হাজার রিঙ্গিত (৯৭৫ ডলার) খরচ পড়েছে। উপকূলের অল্প দূরত্বে তাদের নামিয়ে দেওয়া হয়েছে। পরে তারা পায়ে হেঁটে তীরে ওঠেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত