শেরপুরের নালিতাবাড়ি উপজেলার গারো পাহাড় এলাকায় এক আদিবাসী শিশুকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যার দায়ে কান্তি মারাক নামে এক আদিবাসী যুবকের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে শেরপুরের নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মো. আকতারুজ্জামান এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে এক লাখ টাকা টাকা ক্ষতিপূরণের আদেশ দেওয়া হয়।
মামলার নথি সূত্রে জানা যায়, ২০১৩ সালের ৩০ মার্চ সন্ধ্যা ৭টায় জেলার নালিতাবাড়ি উপজেলার গারো পাহাড় এলাকার পানিহাতা গ্রামের নিতিশ মান্দার ছেলে তিন সন্তানের জনক কান্তি মারাক প্রতিবেশী গ্রাবিয়েল দিউয়ার ৮ বছর বয়সী মেয়েকে ধর্ষণ করে। একপর্যায়ে বিথী দাওয়া ডাক-চিৎকার শুরু করলে অভিযুক্ত তাকে শ্বাসরোধ করে হত্যা করে পার্শ্ববর্তী জঙ্গলে ফেলে পালিয়ে যায়।
এ ঘটনায় শিশুটির নানা প্রজিন্দ্র মারাক বাদী হয়ে পরের দিন ৩১ মার্চ নালিতাবাড়ি থানায় মামলা দায়ের করলে পুলিশ ওই দিন ময়মনসিংহ জেলার পার্শ্ববর্তী ফুলপুর উপজেলায় বোনের বাড়ি থেকে কান্তি মারাককে গ্রেপ্তার করে। পরবর্তীতে ২০১৩ সালের ৪ জুন মামলার চার্জগঠন শেষে বিচারের কাজ শুরু হলে ১১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ এবং আসামির জবানবন্দিতে নিজের দোষ স্বীকার করলে মঙ্গলবার আদালত এ রায় প্রদান করেন।
মামলায় ট্রাইব্যুনালের স্পেশাল পিপি অ্যাডভোকেট গোলাম কিবরিয়া বুলু মামলার রায়ে সন্তোষ প্রকাশ করেছেন।
