রেকর্ড পঞ্চমবারের মতো ইসরায়েলের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন বেনিয়ামিন নেতানিয়াহু। মঙ্গলবার অনুষ্ঠিত দেশটির জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বী সাবেক সামরিক প্রধান বেনি গানৎজের সঙ্গে সমানে সমানে লড়াই চলে তার । তবে জোটের সমর্থন পেয়ে নেতানিয়াহু শেষমেশ এগিয়ে গেলেন।
রয়টার্স জানায়, মঙ্গলবারের নির্বাচন শেষে ৯৭ ভাগ ভোট গণনার পর দেখা যাচ্ছে, ডানপন্থী লিকুদ পার্টির নেতা নেতানিয়াহু এবং মধ্যপন্থী ব্লু অ্যান্ড হোয়াইট জোটের প্রধান গানৎজ কেউই সংখ্যাগরিষ্ঠতা পাননি। তবে ইহুদি রাষ্ট্রটির প্রধানতম তিনটি টিভি চ্যানেল নির্বাচনে নেতানিয়াহুই বিজয়ী বলে জানায়।
লিকুদ পার্টি একক সংখ্যাগরিষ্ঠতা না পেলেও ডানপন্থী অন্যান্য দলগুলোর সমর্থন ৭১ বছর বয়সী নেতানিয়াহুর দিকেই। ফলে গানৎজ থেকে এগিয়ে গেছেন তিনি। সেই সঙ্গে পঞ্চমবারের মতো ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে নিজের আসন নিশ্চিত করলেন।
দলীয়ভাবে নেতানিয়াহু এবং গানৎজের আসনসংখ্যা সমান। ১২০ আসনের নেসেটে উভয়েই ৩৫টি করে আসন জিতেছে। কিন্তু ডানপন্থী দলগুলোর সমর্থন পাওয়ায় নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোটের আসনসংখ্যা দাঁড়ায় ৬৫। আর গানৎজ নেতৃত্বাধীন মধ্যপন্থী জোট পায় ৫৫ আসন।
তবে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে শুক্রবার। যদিও নেতানিয়াহু ইতিমধ্যে জোট দলগুলোর সঙ্গে সরকার গঠনের আলোচনা শুরু করে দিয়েছেন। দায়িত্ব গ্রহণ করলে তিনিই হবে দেশটির ৭১ বছরের ইতিহাসে সবচেয়ে বেশি ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী।
