রাজধানীর ২২টি রুটে ছয় কোম্পানির ছয়টি ভিন্ন রঙের গণপরিবহন ২০২০ সালের মধ্যে বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। গতকাল বুধবার বিকেলে গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে গঠিত টাস্কফোর্স কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সভা শেষে ডিএসসিসির মেয়র সাংবাদিকদের বলেন, ‘২২ রুটে ছয় রঙের বাস চলাচল শুরু হলে ঢাকা এবং এর আশপাশের এলাকাগুলোতে গণপরিবহনে শৃঙ্খলা ফিরবে। ২০২০ সালের ডিসেম্বরের মধ্যেই এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে।’ তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২০ সালকে মুজিব বর্ষ ঘোষণা করেছেন। পরিবহনের শৃঙ্খলা কার্যক্রম মুজিব বর্ষের মধ্যে বাস্তবায়ন করে জনগণকে উপহার দেব।’
রমজানে যানজট নিয়ন্ত্রণের কথা জানিয়ে মেয়র বলেন, ‘এবারের রমজানে যানজট থাকবে না। প্রতিবছরের মতো অসহনীয় পরিস্থিতি যাতে না হয়, সেজন্য কমিটি কিছু সিদ্ধান্ত নিয়েছে। সেগুলো বাস্তবায়নে কমিটি কাজ করবে। আশা করব রমজানে যানজট থাকবে না।’
সভায় প্রধানমন্ত্রীর এসডিজিবিষয়ক সচিব আবুল কালাম আজাদ, স্থানীয় সরকার সচিব শফিকুল ইসলাম, সড়ক ও সেতু মন্ত্রণালয় সচিব নজরুল ইসলাম, বিআরটিসি চেয়ারম্যান ফরিদ উদ্দিন, বিআরটিএ চেয়ারম্যান মশিউর রহমান, পুলিশের অতিরিক্ত কমিশনার মীর রেজাউল আলম উপস্থিত ছিলেন।
