সেন্টমার্টিন সাগরে মাছ ধরার নৌকা ডুবিতে ১৪ জেলে নিখোঁজ

আপডেট : ১১ এপ্রিল ২০১৯, ০১:৫০ এএম

কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিন বঙ্গোপসাগরের অদূরে এক সাথে ৫টি মাছ ধরার নৌকা ডুবে গেছে। এ ঘটনায় ১৪ জেলে নিখোঁজ রয়েছে। বুধবার দুপুর ২টার দিকে বৈরী হাওয়ায় উত্তাল ঢেউয়ের আঁছড়ে পাঁচটি নৌকা ডুবে যায়।

নিখোঁজদের স্বজনরা জানিয়েছেন, বুধবার সকালে টেকনাফের শাহপরীর দ্বীপ ও সেন্ট মার্টিনের একাধিক ট্রলার সাগরে মাছ ধরতে যায়। দুপুরের দিকে হঠাৎ আবহাওয়া বৈরীরূপ ধারণ করলে বাতাসের গতিবেগ বেড়ে গিয়ে সাগরে উত্তাল ঢেউয়ের সৃষ্টি হয়। এসময় নৌকা গুলো কূলে ফিরে আসার পথে পাঁচটি নৌকা সাগরে ডুবে যায়।

ডুবে যাওয়া নৌকার মালিকরা হলেন, টেকনাফ শাহপরীর দ্বীপের মো. জুবাইর, মো. আব্দুল্লাহ, বদিউল আলম, কবির ও জহির আহমদ।

তাদের পাঁচটি ট্রলারের ৩২ জন মাঝিমাল্লার মধ্যে বুধবার সন্ধ্যা পর্যন্ত সময়ে ১৮ জন জেলে সাঁতরে কূলে ফিরতে সক্ষম হলে আরও ১৪ জন জেলে নিখোঁজ রয়েছে।

নৌকার মালিক মোহাম্মদ জুবাইর বলেন, গত মঙ্গলবার ও বুধবার ভোরে আমার মালিকানাধীন একটি নৌকা সহ বেশ কয়েকটি ট্রলার সাগরে মাছ ধরতে যায়। এসময় হঠাৎ বাতাসে উত্তাল ঢেউয়ে আমার নৌকাসহ আরও চারটি নৌকা সাগরে ডুবে যায়। আমরা এখন আমাদের ট্রলারের চেয়ে মাঝি মাল্লাদের উদ্ধারের জন্য বিভিন্নভাবে চেষ্টা করছি।

টেকনাফ কোস্টগার্ড স্টেশন কমান্ডার লে. কমান্ডার ফয়েজুল ইসলাম মন্ডল বলেন, ট্রলার ডুবির বিষয়টি শুনেছি। এ ব্যাপারে বিস্তারিত খোঁজ খবর নেওয়া হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত