খুব রক্ষণধর্মী ফুটবল খেলেও নিজেদের জাল অক্ষত রাখতে পারল না ম্যানচেস্টার ইউনাইটেড। রক্ষণভাগের খেলোয়াড়ের ভুলেই গোল খেয়ে বসে দলটি। তাতে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটির মাঠে জয় খরা কাটিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালের পথে কিছুটা এগিয়ে গেল বার্সেলোনা।
ওল্ড ট্র্যাফোর্ডে বুধবার প্রতিযোগিতাটির কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে লা লিগা চ্যাম্পিয়নদের জয়টি ১-০ গোলের।
গোলটি পেতে খুব বেশি দেরি হয়নি অতিথি দলের। দ্বাদশ মিনিটে সতীর্থের উঁচু করে বাড়ানো বল ডি-বক্সে নিয়ন্ত্রণে নিয়ে উঁচু শটে বল পাঠান গোলপোস্টের কাছে থাকা লুইস সুয়ারেসকে। উরুগুয়ে স্ট্রাইকারের হেডে বল ইউনাইটেড লেফট-ব্যাক লুক শ’র গায়ে লেগে জালে জড়ায়। অফসাইডের পতাকা তুলেছিলেন লাইন্সম্যান, তবে ভিএআরের সাহায্যে গোল দেন রেফারি।
৩১তম মিনিটে চোটাক্রান্ত হন বার্সেলোনার আক্রমণভাগের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় মেসি। ক্রিস স্মলিংয়ের ট্যাকলে নাকে রক্ত ঝরে আর্জেন্টাইন ফরোয়ার্ডের। অবশ্য সাইডলাইনে কিছুক্ষণ চিকিৎসা নিয়ে আবার মাঠে বার্সেলোনা অধিনায়ক।
ম্যাচের দ্বিতীয়ার্ধেও বল দখলে এগিয়ে থাকার পাশাপাশি বেশ কয়েকবার গোলের সুযোগ তৈরি করে বার্সেলোনার খেলোয়াড়রা। কিন্তু জাল খুঁজে নিতে পারেননি তারা। বিপরীতে প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধেও গোলের লক্ষ্যে একটি শটও নিতে পারেনি ইউনাইটেড।
আগামী মঙ্গলবার কোয়ার্টার-ফাইনালের ফিরতি লেগে কাম্প নউয়ে বার্সেলোনার মুখোমুখি হবে রেড ডেভিলরা। ঘুরে দাঁড়ানোর জন্য শেষ ষোলো পর্ব থেকে প্রেরণা নিতে পারে তারা।
শেষ ষোলোর প্রথম লেগে নিজেদের মাঠে পিএসজির কাছে ২-০ গোলে হেরে গিয়েছিল ইউনাইটেড। কিন্তু প্যারিসে ফিরতি লেগে ৩-১ গোলের রোমাঞ্চকর জয়ে কোয়ার্টার-ফাইনালে ওঠে তারা।
বুধবার রাতে কোয়ার্টার-ফাইনালের অপর ম্যাচে আয়াক্সের মাঠ থেকে ১-১ গোলের ড্র নিয়ে ফিরেছে ইউভেন্তুস। ইতালিয়ান ক্লাবটির হয়ে একমাত্র গোলটি করেন চোট থেকে ফেরা পর্তুগিজ ফরোয়ার্ড ক্রিস্তিয়ানো রোনালদো।
