ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেছেন, ভূমি মন্ত্রণালয়ের (আওতাধীন সব দপ্তর) সবার জবাবদিহি নিশ্চিত করতে হবে। সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের জবাবদিহি দুই জায়গায়, নিজ ধর্মীয় অনুশাসনের প্রতি এবং রাষ্ট্র ও জনগণের কাছে। জনগণ ঠিকমতো সেবা পেলে ভূমি মন্ত্রণালয়ে কর্মরত সবার জবাবদিহি নিশ্চিত হবে।
বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচার বাংলাদেশ শিল্পকলা একাডেমি কমপ্লেক্সে অবস্থিত জাতীয় চিত্রশালায় ঢাকা বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকের কার্যালয়ের যৌথ উদ্যোগে, ‘ভূমি সেবা সপ্তাহ এবং ভূমি উন্নয়ন কর মেলা ২০১৯’ উপলক্ষে স্থাপিত ঢাকা মহানগরী অঞ্চলের ভূমি সেবা ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, গতানুগতিক চিন্তার বাইরে গিয়ে গুনগত চিন্তা করতে হবে। সিস্টেম ডেভেলপমেন্টের অংশ হিসেবে আমরা গোটা ভূমি ব্যবস্থাপনা অটোমেশনের উদ্যোগ নিয়েছি। এতে দেশের মানুষ যেমন উপকৃত হবেন তেমন অনাবাসী বাংলাদেশিরাও উপকৃত হবেন।
মন্ত্রী বলেন, আমাদের নির্বাচনী ইশতেহারে ভূমি ব্যবস্থাপনার জটিলতা দূর করা এবং ব্যবহার পরিকল্পনার কথা বলা আছে। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা সেইভাবেই কাজ করছি।
মন্ত্রী ভূমি মন্ত্রণালয়ের কর্মচারীদের ধর্মীয় অনুশাসনের কথা স্মরণ করে দিয়ে বলেন, আমাদের কাজ আমাদের ঈমানী দায়িত্ব। দেশের মানুষ যেন ভালোভাবে সেবা পেতে পারে এভাবে আমাদের কাজ করে যেতে হবে।
মন্ত্রী তার বক্তব্যের শেষে মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের কঠোর ভাবে নির্দেশ প্রদান করেন যেন তাদের দ্বারা মানুষের কোন ধরনের হয়রানি না হয়।
