নীলফামারী জেলা থেকে অপহৃত এক স্কুলছাত্রীকে গাজীপুরের মৌচাক এলাকা থেকে উদ্ধার করেছেন র্যাব-১-এর সদস্যরা। গত বুধবার রাতে অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার পরিতোষ চন্দ্র রায় (২৫) রংপুর জেলার তারাগঞ্জ থানার কুর্ষা পুরাতন চৌপুতি (মন্দিরপাড়া) এলাকার হিয়ালু বর্মণের ছেলে।
বৃহস্পতিবার দুপুরে র্যাব-১-এর পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন সাংবাদিকদের জানান, গত ২৬ মার্চ সন্ধ্যায় নীলফামারীর কিশোরগঞ্জ থেকে অপহৃত হয় অষ্টম শ্রেণির ছাত্রী। তার বাবা অনেক খোঁজাখুঁজি করে মেয়েকে না পেয়ে ৩০ মার্চ রংপুরের কিশোরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি ও ৩ এপ্রিল ওই থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। ব্যাপক খোঁজাখুঁজির পর ওই বাবা জানতে পারেন যে, তার মেয়েকে অপহরণ করে গাজীপুরের মৌচাক এলাকায় আটকে রেখে শারীরিক নির্যাতন করছে। গ্রেপ্তারকৃত পরিতোষ মোবাইল ফোনে ভিকটিমের মায়ের কাছে অপহরণের কথা জানায় এবং মুক্তিপণ হিসেবে ৪ লাখ টাকা দাবি করে। অন্যথায় তার মেয়েকে হত্যা করবে বলে জানায়। পরে ভিকটিমের পরিবার র্যাবের সহায়তা চাইলে র্যাব অভিযান চালিয়ে মৌচাক বাসষ্ট্যান্ড এলাকা হতে আসামিকে গ্রেপ্তার করে। তার দেওয়া তথ্যমতে মৌচাক এলাকার একটি বাড়ি থেকে অপহৃত ওই স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়।
