সঞ্জয় লীলা বানসালির সিনেমার মাধ্যমে প্রথমবার জুটি বাঁধতে যাচ্ছেন সালমান খান ও আলিয়া ভাট। বর্তমানে যুতসই লোকেশনের সন্ধানে আছেন নির্মাতা। এর এক ফাঁকে নতুন জুটির সাফল্য কামনায় মন্দিরে প্রার্থনা সেরে নিলেন।
মিড ডে’র এক প্রতিবেদনে জানা যায়, ইতিমধ্যে উত্তরকাশি, ঋষিকেশ ও হরিদ্বারের একাধিক স্থানে ভ্রমণ করেছেন সঞ্জয়। এর মাঝে হরিদ্বারের প্রাচীন মায়া দেবীর মন্দিরে নতুন সিনেমার শুভ কামনায় প্রার্থনা করেন।
টেলিভিশন তারকা শশাঙ্ক বিয়াস বর্তমানে ঋষিকেশে ছুটি কাটাচ্ছেন। তার সঙ্গে দেখা হয় সঞ্জয়ের। পরিচালকের সঙ্গে তোলা একটি ছবি এই অভিনেতা শেয়ার করেন ইনস্টাগ্রামে। সেখান থেকেই খবরটি জানা যায়।
সালমান-আলিয়ার সিনেমাটির নাম ‘ইনশাল্লাহ’। এর মাধ্যমে দুই দশক পর সঞ্জয়ের পরিচালনায় মূল চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন ভাইজান।
সিনেমাটির গল্প সম্পর্কে কোনো আভাস দেওয়া না হলেও শোনা যাচ্ছে, ‘ইনশাল্লাহ’ হতে যাচ্ছে প্রেমের কাহিনি নির্ভর।
ছয় মাস আগে ইনস্টাগ্রাম পোস্টে সঞ্জয় জানান, প্রিয় তারকা সালমানের সঙ্গে আবারও কাজ করতে যাচ্ছেন। এই নির্মাতার প্রথম সিনেমা ‘খামোশি’র (১৯৯৬) নায়ক ছিলেন সালমান। তিন বছর পর মুক্তি পায় তাদের হিট ছবি ‘হাম দিল দে চুকে সানাম’। এছাড়া রণবীর কাপুর ও সোনম কাপুরের অভিষেক সিনেমা ‘সাওয়ারিয়া’য় অতিথি চরিত্রে সঞ্জয়ের সঙ্গে শেষবার কাজ করেন সালমান।
