শেষ হলো সুষ্ঠু ভোটের দাবিতে হাজার কি.মি. পথ হাঁটা

আপডেট : ১২ এপ্রিল ২০১৯, ০৭:০৮ পিএম

সবার ভোটের অধিকার প্রতিষ্ঠা ও সুষ্ঠু ভোটের পরিবেশ নিশ্চিত করার দাবিতে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত এক হাজার চার কিলোমিটারের একক পদযাত্রা শেষ করেছেন নোয়াখালীর মোহাম্মদ হানিফ।

অনেকে তাকে হানিফ বাংলাদেশী বলে জানেন।

১৪ মার্চ কক্সবাজারের টেকনাফ উপজেলার জিরো পয়েন্ট থেকে পদযাত্রা শুরু করে ৩০ দিন পায়ে হেঁটে শুক্রবার সকাল সাড়ে ১১টায় পঞ্চগড়ের তেঁতুলিয়া পৌছান তিনি। তেঁতুলিয়া বাজারের স্থানীয় অনেকে তাকে স্বাগত জানান।

বিকেলে পঞ্চগড় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তিনি তার একক পদযাত্রার উদ্দেশ্যসহ বিভিন্ন বিষয় তুলে ধরেন।

স্থায়ীভাবে নির্দলীয় নিরপেক্ষ সরকারব্যবস্থা পুনর্বহাল এবং জনগণের ভোটাধিকার ফিরে পাওয়ার দাবি সংবলিত প্রচারপত্র (লিফলেট) সাধারণ মানুষদের মধ্যে বিলি করেন তিনি।

তেঁতুলিয়ায় রাত্রীযাপন শেষে শুক্রবার বিকালে তিনি পঞ্চগড় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তার এই পদযাত্রা শেষ করার কথা ঘোষণা দেন। 

সংবাদ সম্মেলনে ভোটাধিকার ও সুশাসনে জাতীয় ঐক্যের সদস্য হানিফ বলেন, ‘যে সরকার যখন ক্ষমতায় আসে, সেই সরকারই দীর্ঘমেয়াদে ক্ষমতায় টিকে থাকার জন্য জনগণের ভোটাধিকার হরণের চেষ্টা করে। ভোট ও নির্বাচন কমিশনের প্রতি মানুষের আস্থা নেই। এই কমিশন বাংলাদেশ আওয়ামী নির্বাচন কমিশন লীগে পরিণত হয়েছে। নির্বাচন কমিশনকে পদত্যাগ করতে হবে’।

হানিফ দাবি করেন, ‘ভোটের প্রতি জনগণের আর কোনো আস্থা নেই। নির্বাচনে নেই কোনো উৎসবমুখর পরিবেশ। নির্বাচন ব্যবস্থা এখন প্রশ্নবিদ্ধ। ভোটের প্রতি জনগণের হারানো আস্থা ফেরাতে হলে এবং জনগণকে ভোটকেন্দ্রমুখী করতে হলে জাতীয় নির্বাচনের জন্য স্থায়ীভাবে নির্দলীয় নিরপেক্ষ সরকারব্যবস্থা পুনর্বহাল করতে হবে’। নিজের পরিচয় বিষয়ে হানিফ বলেন, তার বাড়ি নোয়াখালীর সুধারাম উপজেলার নিয়াজপুর ইউনিয়নের জাহানাবাদ গ্রামে। তার বাবার নাম আব্দুল  মান্নান ওরফে রেনু মিয়া। নোয়াখালীর বুলুয়া ডিগ্রি কলেজ থেকে ১৯৯৯ সালে উচ্চমাধ্যমিক পাস করেন তিনি। এরপর চট্টগ্রাম ওমর গনি এমএস কলেজে স্নাতকে ভর্তি হন। এরপর পড়াশোনা ছেড়ে তিনি চট্রগ্রাম বন্দরে সিঅ্যান্ডএফ (ক্লিয়ারিং এন্ড ফরোয়ার্ডিং) ব্যবসায় জড়ান।

২০১৬ সালে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন ও আ ব ম মোস্তফা আমিনের নেতৃত্বে গঠিত জাতীয় ঐক্য প্রক্রিয়ার যুব শাখার আহ্বায়কের দায়িত্ব পালন করেন।

বর্তমানে আ ব ম মোস্তফা আমিনের নেতৃত্বাধীন ফরোয়ার্ড পার্টির জাতীয় কমিটির সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন।

তিনি জানান, এই পদযাত্রায় কয়েকটি স্থানে তিনি সরকার দলীয় ব্যক্তিদের কাছে বাধার শিকার হয়েছেন।

দৈনিক গড়ে ৩৩ কিলোমিটার হেঁটেছেন হানিফ। হাঁটতে হাঁটতে পায়ে ফসকা পড়ে গেছে। তারপরও তিনি তার পদযাত্রা চালিয়ে গেছেন।

মোহাম্মদ হানিফ বলেন, রাজধানীতে গণশৌচাগার স্থাপন আন্দোলনে মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া পেয়েছিলাম। ঢাকা সিটি করপোরেশন পরে রাজধানীতে পর্যাপ্ত গণশৌচাগার স্থাপনের উদ্যোগ নিয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত