চেয়ারে হেলান দিয়ে নিথর মিনিট পাঁচেক। উপস্থিত দর্শকেরা ভাবছেন অভিনয়ের অংশ। যখন সবার ভুল ভাঙল, ততক্ষণে জনপ্রিয় ব্রিটিশ কৌতুকাভিনেতা ইয়ান কগনিটো না ফেরার দেশে!
স্ট্যান্ডআফ কমেডিয়ান কগনিটোর এমন মর্মান্তিক মৃত্যুর খবর দিয়েছে বিবিসি। মৃত্যুর দিন বৃহস্পতিবার তিনি বিকেস্টারের এটিক বারে কৌতুক দেখাচ্ছিলেন। মঞ্চ অভিনয়ের ক্ষেত্রে ব্রিটেনে কগনিটোকে কিংবদন্তিতুল্য মনে করা হয়।
বারে উপস্থিত দর্শকেরা বিবিসিকে বলেন, তারা কগনিটোর নীরবতাকে অভিনয়ের অংশ ভেবেছিলেন। এ জন্য হাসতে থাকেন।
জন ওস্টোজ্যাক নামের এক ব্যক্তি বলেন, ‘দশ মিনিট আগে তিনি স্ট্রোকের অভিনয় করার প্রস্তুতি নেন। বলছিলেন স্ট্রোকের পর কীভাবে কথা বলতে বলতে হাঁঠতে হয় সেটা দেখে নিন। কিন্তু এরপর আর ফিরলেন না।’
ঘটনা বুঝে ওঠার পর ১০টা ২০ মিনিটে অ্যাম্বুলেন্স ডাকা হয়। ডাক্তাররা জানান, হাসপাতালে আসার আগেই হার্টঅ্যাটাকে মৃত্যু হয়েছে।
হার্টের সমস্যার কারণে তিনি ওষুধ খাচ্ছিলেন বলে পরিবার থেকে জানানো হয়েছে।
