চট্টগ্রামে তথ্যমন্ত্রী

নুসরাত হত্যার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে

আপডেট : ১৩ এপ্রিল ২০১৯, ০১:৫৮ এএম

ফেনীর সোনাগাজীতে মাদ্রাসাছাত্রী নুসরাত হত্যার ঘটনায় সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। গতকাল শুক্রবার চট্টগ্রামের টাইগারপাস নেভি কনভেনশন হলে লায়ন্স ক্লাবের বার্ষিক কনভেনশনে যোগদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

গত ৬ এপ্রিল সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার ছাত্রী ও আলিম পরীক্ষার্থী নুসরাত জাহান রাফিকে মাদ্রাসার ছাদে ডেকে নিয়ে গায়ে কেরোসিন ঢেলে আগুন দেওয়া হয়। পরে গত বুধবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে তার মৃত্যু হয়। 

তথ্যমন্ত্রী বলেন, ‘এ ঘটনার সুষ্ঠু বিচারের বিষয়ে প্রধানমন্ত্রী প্রশাসন ও তদন্তকারী সংস্থাকে নির্দেশনা দিয়েছেন। আইনি প্রক্রিয়া অনুসরণ করেই এ হত্যার বিচার নিশ্চিত হবে।’ এ ধরনের ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় সেজন্য সবাইকে সচেতন হওয়ারও আহ্বান জানান তিনি।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্ত করতে বিএনপিকে আইনি পথে হাঁটতে হবে উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, ‘খালেদা জিয়া রাজবন্দি নন, তিনি দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত আসামি। রাজনৈতিক কারণে বন্দি হলে তাকে আন্দোলন সংগ্রামের মাধ্যমে মুক্ত করার বিষয় আসে।’ বিএনপির আন্দোলনের ডাক মানুষের কাছে এখন ‘হাস্যকর’ হয়ে গেছে বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত