ফেনীর সোনাগাজীতে আগুনে পুড়িয়ে নুসরাত জাহান রাফিকে হত্যার মামলায় প্রধান আসামি অধ্যক্ষ সিরাজ উদ-দৌলার ঘনিষ্ঠ ছাত্র মাদ্রাসা ছাত্রলীগের সভাপতি শাহাদাত হোসেন শামীমকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান জানিয়েছেন, শুক্রবার দিবাগত রাত পৌনে ১টার দিকে ময়মনসিংহের মুক্তাগাছা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি রাফি হত্যায় দায়ের করা মামলার তিন নম্বর এজহারভুক্ত আসামি।
মুক্তাগাছার স্থানীয় ব্যবসায়ী মনোনেশ দাস জানান, জনতা গেস্ট হাউজটি তাদের পৈত্রিক ব্যবসা। শুক্রবার রাতে হোটেলের বোরডার এন্ট্রি খাতায় শাহাদাতের নাম ঠিকানা অসঙ্গতি দেখে হোটেলের একজন স্টাফের মোবাইলের মাধ্যমে আসামি শাহাদাতের সঙ্গে কথা বলে তার সঠিক পরিচয় পান। পরে তিনি পুলিশকে খবর দেন।
এর আগে অধ্যক্ষ সিরাজ উদ-দৌলার আরেক ঘনিষ্ঠ ওই মাদ্রাসার ফাজিলের ছাত্র নুর উদ্দিনকে ময়মনসিংহের ভালুকা থেকে গ্রেপ্তার করা হয়।
গত ৬ এপ্রিল সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসায় আলিম পরীক্ষার কেন্দ্রে গেলে মাদ্রাসার ছাদে ডেকে নিয়ে নুসরাতের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে পালিয়ে যায় মুখোশধারী দুর্বৃত্তরা।
উল্লেখ, বুধবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দগ্ধ মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি।
