শত বছরের পুরোনো প্রযোজনা প্রতিষ্ঠান ডিজনি এবার অনলাইন স্ট্রিমিং সেবা আনতে যাচ্ছে। ডিজনি প্লাস নামে নভেম্বর মাস থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা করতে যাচ্ছে এটি।
বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী বব ইগার এ ঘোষণা দেন, ১২ নভেম্বর বিশ্বের প্রধানতম দেশগুলোতে একই সময়ে ডিজনি প্লাসের অভিষেক ঘটবে।
নেটফ্লিক্সের প্রতিদ্বন্দ্বী হিসেবে সম্প্রচারে আসা এই প্ল্যাটফর্মটি থাকছে বিজ্ঞাপন থেকে সম্পূর্ণ মুক্ত। এই স্ট্রিমিং সেবা পেতে গ্রাহকদের খরচ করতে হবে মাসিক ৭ এবং বার্ষিক ৭০ ডলার। তবে ডিজনির পুরোনো সিনেমাগুলো দেখতে আলাদা করে পয়সা গুনতে হবে না গ্রাহকদের।
ডিজনি প্লাসের মাধ্যমে ডিজনির শতাধিক সিনেমাসহ ন্যাশনাল জিওগ্রাফিক, মার্ভেল কমিকস, স্টার ওয়ার্স, পিক্সার সিরিজের সব প্রযোজনা সহজেই উপভোগ করা যাবে। বিশেষ করে শিশুদের অন্যতম বিনোদন মাধ্যম হয়ে উঠবে এটি, এমনটা আশা করছে প্রতিষ্ঠানটি। কারণ ডিজনির সব কার্টুন প্রযোজনাগুলো থাকছে এতে।
অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে বিদ্যমান চুক্তি শেষ করতে অন্তত আরও চার বছর লাগবে ডিজনির। তবে তার আগেই নিজস্ব কনটেন্ট দিয়েই স্ট্রিমিং সেবা চালুকে অগ্রাধিকার দিচ্ছে এটি। পাশাপাশি খেলার চ্যানেল ইএসপিএন নেটওয়ার্ককেও নিজেদের সঙ্গে যুক্ত করছে ডিজনি প্লাস।
