বেশির ভাগ মেয়েকেই বিয়ের পর শুনতে হয়- কবে মা হচ্ছেন? আর নায়িকা হলেও তো সেই খবরের জন্য সবাই মুখিয়ে থাকেন। ধুম পড়ে নজরদারির।
কিছুদিন আগে প্রিয়াঙ্কা চোপড়ার একটি ছবিতে দেহের গঠন একটু অন্যরকম মনে হওয়ায় সবাই ধরে নিয়েছিলেন তিনি বোধহয় অন্তঃসত্ত্বা। সেই প্রশ্নের উত্তর দিতে দিতে ক্লান্ত হয়ে পড়েন ‘ফ্যাশন’ অভিনেত্রী।
এবার সেই একই প্রশ্নের মুখে পড়তে হলো দীপিকা-রণবীরকে। এক সাংবাদিক জিজ্ঞাসা করেন, বিয়ে-সংসার-ক্যারিয়ার সবই তো চলছে। নতুন অতিথির আগমনের খবর কবে পাওয়া যাবে?
এই প্রশ্নে রণবীর কিঞ্চিৎ অস্বস্তিতে পড়লেও দীপিকা উত্তর দেন। মুখের উপর বলে দিলেন, “যখন আপনারা এই গুজব ও কুৎসা রটানো বন্ধ করবেন তখন। আর একটি মেয়ে বিয়ে করলেই যে তাকে পরিবার পরিকল্পনা করতে হবে, সন্তানের জন্ম দিতে হবে এমনটা নয়। সুতরাং বোকা বোকা প্রশ্ন করা বন্ধ করুন।”
গত বছরের শেষের দিকে বিয়ে করা এই জুটি চুটিয়ে সংসার করছেন। সেই সঙ্গে ব্যস্ত ক্যারিয়ার নিয়ে। দীপিকা অভিনয় করছেন ‘ছাপক’ সিনেমায় এবং রণবীরের হাতে আছে ৮৩ ও তখত’সহ কিছু ছবি।
