রহিম স্টার্লিং গোল করেছেন, সবশেষ এমন ২৬ ম্যাচে কখনো হারেনি ম্যানচেস্টার সিটি। ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে সেখানে জোড়া গোল করলেন ইংলিশ উইঙ্গার। ফলাফল তাই অনুমান করাই যায়।
রোববার ইংলিশ প্রিমিয়ার লিগে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ৩-১ গোলে জয় পেয়েছে ম্যানসিটি। প্রথম লেগে নিজেদের মাঠেই এই ক্রিস্টালের বিপক্ষে হেরেছিল পেপ গুয়ার্দিওলার দল।
এই জয়ে আপাতত লিগের শীর্ষে উঠল সিটি। তবে সেটা হয়তো খানিক সময়ের জন্যই। কেননা এদিনই অন্য ম্যাচে চেলসির বিপক্ষে লিভারপুল জিতলে তো বটেই, ড্র করলেও ফের শীর্ষে ওঠে যাবে।
সবশেষে দুই মৌসুমে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে জয় করা ছিলেন পেপ গুয়ার্দিওলার। এবার সেই ফাড়া কাটাল তার দল। একই সঙ্গে লন্ডনের ক্লাবগুলোর বিপক্ষে এক মৌসুমেই পাঁচ-পাঁচটি অ্যাওয়ে ম্যাচে জয় পেল সিটি।
এদিন ম্যাচের ১৫ মিনিটেই দলকে এগিয়ে দেন স্টার্লিং। কেভিন ডি ব্রুইনের পাস থেকে গোলটি করেন তিনি। ৩৩৬ দিন পর প্রিমিয়ার লিগে ডি ব্রুইনের এস্টিস্ট থেকে গোল পেল তার দল। ১-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে সিটি।
দ্বিতীয়ার্ধের ৬৩ মিনিটে নিজের দ্বিতীয় গোল আদায় করেন ম্যানসিটি। লিগে যা তার ১৭তম গোল। ৮১ মিনিটে দারুণ এক ফ্রি কিকে ব্যবধান ২-১ করেন ক্রিস্টাল প্যালেসের লুকা মিলিভোয়েভিচ। তবে নির্ধারিত সময়ের শেষ মিনিটে গ্যাব্রিয়েল জেসুস গোল করলে ৩-১ গোলের জয় নিশ্চিত হয় সিটির।
৩৩ ম্যাচে ২৭ জয়, ২ ড্র আর ৪ হারে ৮৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে সিটি। ক্রিস্টাল ৩৪ ম্যাচে ১১ জয়, ৬ ড্র আর ১৭ হারে ৩৯ পয়েন্ট নিয়ে ১৩তম স্থানে অবস্থান করছে।
