কিশোরীকে বিয়ের জন্য ধর্ষককেই আলটিমেটাম পুলিশের

আপডেট : ১৫ এপ্রিল ২০১৯, ০৯:৪১ পিএম

নারায়ণগঞ্জের আড়াইহাজারে নবম শ্রেণির এক ছাত্রীকে রাস্তা থেকে জোর করে ধরে নিয়ে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ ধর্ষক লিটন (২৪) কে গ্রেপ্তার করেছে।

ধর্ষিতার পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার ব্রাহ্মনদী ইউনিয়নের প্রভাকরদী এলাকার এক দরিদ্র কাঠ মিস্ত্রীর কন্যা নবম শ্রেণির ছাত্রী (১৪)।

গত বৃহস্পতিবার বিকেল ৪ টার দিকে বাড়ি ফেরার পথে একই এলাকার তোতা মিয়ার ছেলে লিটন মিয়া (২৪) ও মো. আলী মিয়ার ছেলে সাইফুল (২৫) তাকে জোর করে মুখে কাপড় চাপা দিয়ে পার্শ্ববর্তী মোবারক মিয়ার পরিত্যক্ত গরুর খামারে নিয়ে যায়। সেখানে সাইফুলের সহযোগিতায় লিটন মিয়া মেয়েটিকে ধর্ষণ করে তাকে ঘটনাস্থলে ফেলে চলে যায়। পরে মেয়েটি বাড়িতে গিয়ে তার বাবা-মাকে ঘটনাটি জানালে তারা ধর্ষক লিটন ও সহযোগি সাইফুলের পিতাকে জানান।

এ ঘটনা স্থানীয়ভাবে সমাধান করে দেবে বলে একটি প্রভাবশালী মহল ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। তারা ধর্ষিতাকে ২০ হাজার টাকার বিনিময়ে ঘটনাটি মীমাংসার প্রস্তাব করে বলে ধর্ষিতার মা জানান। পরে ধর্ষিতার মা ধর্ষক লিটন ও সহযোগি সাইফুলের বিরুদ্ধে রবিবার রাতে আড়াইহাজার থানায় ধর্ষণের লিখিত অভিযোগ দিলে পুলিশ ধর্ষক লিটনকে গ্রেপ্তার করে।

এ ব্যাপারে আড়াইহাজার থানার সেকেন্ড অফিসার ফাইজুর রহমান ধর্ষক লিটনকে গ্রেপ্তারের কথা স্বীকার করে দেশ রূপান্তরকে জানান, বিবাদীদের এক ঘন্টা সময় দেওয়া হয়েছে যদি ধর্ষিতাকে বিয়ে করে তবেই লিটনকে ছাড়া যেতে পারে। তা না হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত